শুরু হচ্ছে ছয় বন্ধুর গল্প নিয়ে ‘স্বপ্নভূক’
সাজ্জাদ, হাসান, সাফকাত, ঊর্মি, সুমন ও বাবু। ওরা সবচেয়ে কাছের বন্ধু। আবার সবচেয়ে ভয়ংকর শত্রুও। ওদের আছে সমান্তরাল এক জগত। এ এক অদ্ভুত জগতের গল্প। যে জগতে জীবন খুব সিরিয়াস নয়। হাতের মুঠোয় ধরা আপেলের মতো অহংকারী দৃষ্টিতে তারা পৃথিবীকে দেখে। প্রিয় মানুষের মৃত্যুতে ওরা কাঁদে না। বরং অদ্ভুত এক ছটফটানিতে ভোগে। ওদের মধ্যে কেউ ভয়ংকর নিষ্ঠুর, কেউ উদাসীন, কেউ লোভী, কিন্তু ওরা কেউই অসত্ নয়। মনে মনে ওরা প্রত্যেকেই সম্রাট কিংবা দস্যু কিন্তু ছিঁচকে চোর নয়। সে জন্যই ওরা সাধারণ নয় কেউ, ওরা সাহিত্যিক। সমাজের চোখে ওরা সবাই যাযাবর। এ রকমই একটি গল্প নিয়ে আলভী আহমেদ নির্মাণ করেছেন ধারাবাহিক নাটক ‘স্বপ্নভূক’। স্বপভূক নাটকে অভিনয় প্রসঙ্গে জয় বলেন, কিছুদিন আগে আমরা নাটকটির ১৩ পর্ব পর্যন্ত শুটিং করেছি। বন্ধু-বান্ধবদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নাটকের গল্পটি এগিয়েছে। নাটকটির মাধ্যমে এখনকার সময়ের অনেক বিষয়ই উঠে এসেছে।নাটকে আরও দেখা যাবে, এক সময় এসব বন্ধুবান্ধব লিটল ম্যাগ নিয়ে আন্দোলন করত। জীবনকে প্রতিনিয়ত উলটেপালটে দেখতে চায়। অনেকটা দস্তয়ভস্কির উপন্যাসের নায়ক-নায়িকার মতো। ওরা বিশ্বাস করে সাহিত্যে সৎ থাকতে হবে। আর সেই সততার জন্য জীবনের সব অভিজ্ঞতা ওদের অর্জন করা উচিত। কেননা অভিজ্ঞতা না থাকলে তাঁদের লেখা বানোয়াট এক কল্পকাহিনি হয়ে যেতে পারে। মাতৃগর্ভ থেকে শ্মশান, সব অভিজ্ঞতাই ওরা চায়।আলভী আহমেদের রচনা ও পরিচালনায় ‘স্বপ্নভূক’ নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, অপূর্ব, শাহরিয়ার নাজিম জয়, ওমর আয়াজ অনি, শারমীন শীলা, তানজিকা, নোভা, তানিয়া, মাহমুদুল ইসলাম মিঠু, শাহাদাত্ হোসেন, দীপান্বিতা, কাজী রাজু, যুঁথি, নওশাবা, ফারিয়া, মোস্তাফিজ শাহীন এবং আরও অনেকে। ১৫ অক্টোবর থেকে এ নাটকটি দেশ টিভিতে প্রচারিত হবে সপ্তাহের প্রতি শুক্র ও শনিবার রাত আটটা ১৫ মিনিটে।