শুরু হচ্ছে জাতীয় কবিতা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল পয়লা ফেব্রুয়ারি শুরু হচ্ছে দুই দিনব্যাপী ৩০তম জাতীয় কবিতা উৎসব। এবারের স্লোগান ‘কবিতা মৈত্রীর কবিতা শান্তির’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণে কাল সকালে উৎসবের উদ্বোধন করবেন কবি সৈয়দ শামসুল হক। জাতীয় কবিতা পরিষদ আয়োজিত উৎসবে অংশ নেবেন বাংলাদেশের খ্যাতিমান, নবীন-প্রবীণ কবিসহ বিভিন্ন দেশের কবিরা।
উৎসব উপলক্ষে শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন এবারের উৎসবের আহ্বায়ক কবি রবিউল হুসাইন, কাজী রোজী, মুহাম্মদ সামাদ, আনোয়ারা সৈয়দ হক প্রমুখ। উৎসবের বিস্তারিত তথ্য তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত। সংবাদ সম্মেলনে বক্তারা অসুস্থ কবি রফিক আজাদের চিকিৎসা সহায়তার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১ ও ২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে উৎসব। প্রথম দিন কেন্দ্রীয় শহীদ মিনারে সব শহীদের উদ্দেশে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে।