
বাংলা একাডেমি চত্বরে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশি-বিদেশি সাহিত্যিকদের মিলনমেলা ঢাকা লিট ফেস্ট ২০১৬ লিটারারি ফেস্টিভ্যাল। ১৭-১৯ নভেম্বর অনুষ্ঠেয় এ সাহিত্য উৎসবে ১৮টি দেশ থেকে ৬৬ জন বিদেশি এবং দেড় শতাধিক বাংলাদেশি সাহিত্যিক, লেখক, গবেষক, সাংবাদিক অংশ নিচ্ছেন।
গতকাল রোববার বাংলা একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজনের তথ্য জানানো হয়। উপস্থিত ছিলেন একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, লিট ফেস্টের পরিচালক কাজী আনিস আহমেদ, সাদাফ সায্, আহসান আকবর, ঢাকা ট্রিবিউন-এর সম্পাদক জাফর সোবহান, বাংলা ট্রিবিউন-এর ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল এবং ব্র্যাকের প্রতিনিধি আসিফ সালেহ। কাজী আনিস আহমেদ জানান, ষষ্ঠবারে এই আয়োজনের পরিধি অনেক বেড়েছে। এবার অংশ নেবেন ১৮টি দেশের ৬৬ জন প্রতিনিধি। ১৭ নভেম্বর সকাল নয়টায় এই উৎসবের উদ্বোধন করবেন নোবেল বিজয়ী সাহিত্যিক ভি এস নাইপল ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এবার নোবেল, পুলিৎজার ও ম্যান বুকারপ্রাপ্ত তিনজন সাহিত্যিক আসছেন। এটিকে লিট ফেস্টের অন্যতম বড় পাওয়া বলেও উল্লেখ করেন তিনি।
উৎসবের অন্যতম পরিচালক সাদাফ সায্ বলেন, বাংলাদেশের সাহিত্য, ঐতিহ্য, জগতের কাছে তুলে ধরতেই এই আয়োজন। সাদাফ জানান, কবিতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে লিট ফেস্টে। তিন দিনের এই আয়োজনে ৯০টির বেশি সেশন রয়েছে। উৎসব প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সবার জন্য মুখর থাকবে বিভিন্ন আয়োজনে।
ঢাকা লিট ফেস্ট আয়োজিত হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়ের বিশেষ সহযোগিতায়। টাইটেল স্পনসর ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন ও অনলাইন সংবাদপত্র বাংলা ট্রিবিউন, প্ল্যাটিনাম স্পনসর ব্র্যাক।