শুরু হচ্ছে বাংলা সংস্কৃতি উৎসব

ঐতিহ্যবাহী ও আঞ্চলিক নাচ-গান, চা-পিঠা-মিষ্টি, চলচ্চিত্র-কারুশিল্প-সাহিত্য নিয়ে শুরু হচ্ছে ‘বেঙ্গল সংস্কৃতি উৎসব ২০১৭’। এতে তুলে ধরা হবে ঐতিহ্যবাহী ও সমকালীন জীবন-সংস্কৃতির প্রায় সবকিছু। সিলেটের আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে ১০ দিনের এই উৎসবের আয়োজন করছে বেঙ্গল ফাউন্ডেশন।
২২ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এই উৎসবে দেখানো হবে ১৪টি চলচ্চিত্র, সরাসরি গান করবেন ৩৮৩ জন শিল্পী, ২৭ জন শিল্পী উপস্থাপন করবেন তাঁদের শিল্পকর্ম, সাহিত্যসভায় যোগ দেবেন ৫০ জন সাহিত্যিক। সমাজ ও ঐতিহ্যচেতনায় প্রজ্ঞাবান ও সৃজনশীল অমর শিল্পীদের নামে তৈরি হবে মঞ্চ। ১০ দিন ধরে সেখানে চলবে ভিন্ন ভিন্ন সব আয়োজন।
গতকাল রোববার ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে এই উৎসবের বিস্তারিত তুলে ধরেন আয়োজকেরা। উপস্থিত ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান। ব্লুজ কমিউনিকেশনসের ব্যবস্থাপনায় বেঙ্গল সংস্কৃতি উৎসব ২০১৭-এর নিবেদক ইনডেক্স গ্রুপ, সম্প্রচার সহযোগী চ্যানেল আই। উৎসবটি উৎসর্গ করা হয়েছে জ্ঞানতাপস আবদুর রাজ্জাকের নামে। bengalculturalfest.com ওয়েবসাইটে নিবন্ধনের মাধ্যমে যে কেউ এতে যোগ দিতে পারবেন।