ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরি হিসেবে এবার যোগ দিচ্ছেন আট দেশের চলচ্চিত্র নির্মাতা, সমালোচক, লেখক ও চলচ্চিত্র ব্যক্তিত্বরা। সম্প্রতি তাঁদের নাম প্রকাশ করেছেন উৎসব পরিচালক ও রেইনবো ফিল্ম সোসাইটির সভাপতি আহমেদ মুজতবা জামাল। আগামী ১২ থেকে ২০ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৬তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এ উৎসব নিয়ে প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ার চলচ্চিত্র সমালোচকদের সম্মেলন।
নয় দিনের আন্তর্জাতিক এ উৎসবে ঢাকার পাঁচটি মিলনায়তনে বিশ্বের ৬০টি দেশের ১৭০টির বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এশিয়ান চলচ্চিত্র, রেট্রোসপেকটিভ, বাংলাদেশ প্যানারমা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, শিশুতোষ ছবি, নারী নির্মাতা, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র এবং স্পিরিচুয়াল সিনেমা বিভাগে ছবিগুলো দেখানো হবে। জুরি হিসেবে থাকছেন নরওয়ের এজ হফার্ট, যুক্তরাষ্ট্রের গ্যারি স্প্রিঞ্জার, সিডনি লেভাইন, ভারতের গিরীশ কাসারাভাল্লি, ইরানের মোহাম্মদ হাসান আমির ইয়োসেফি, ইতালির অ্যানা কোচিয়ারেলা, আন্ড্রেয়া মর্গহেন, নেপালের অরুণ দেও জোশি, রাশিয়ার লিয়া গিলমাতদিনোভা, ফিনল্যান্ডের মেরজা রিতোলা। বাংলাদেশ থেকে জুরি থাকবেন মোরশেদুল ইসলাম, ইমতিয়াজ আহমেদ, নুরুল আলম আতিক ও বিপাশা হায়াৎ।
উৎসব উপলক্ষে আরও থাকবে সম্মেলন ‘ফোর্থ ঢাকা ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ওমেন ইন সিনেমা ২০১৮’ এবং নতুন নির্মাতাদের নিয়ে কর্মশালা। উৎসব পরিচালক বলেন, সব প্রস্তুতি শেষ। শিগগিরই সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন তাঁরা। খানিকটা আফসোসের স্বরে তিনি বলেন, ‘দেশে এত বড় একটি আন্তর্জাতিক আয়োজন, অথচ পৃষ্ঠপোষকের অভাবে নানা জটিলতার মুখে পড়তে হচ্ছে। আশা করছি, বড় কোনো প্রতিষ্ঠান আন্তর্জাতিক এ উৎসবের পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসবে।’
আহমেদ মুজতবা বলেন, ১৫ ও ১৬ জানুয়ারি আয়োজকদের সঙ্গে যৌথভাবে এশিয়ার চলচ্চিত্র সমালোচকদের নিয়ে সম্মেলনের আয়োজন করেছে ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ডে লা প্রেস সিনেমাটোগ্রাফিক (ফিপরেসকি)। তিনি আরও বলেন, ‘উৎসবের বাংলাদেশ প্যানারমা বিভাগে দেশের দুটি চলচ্চিত্রকে পুরস্কৃত করা হবে। এটি বাংলাদেশের নির্মাতাদের জন্য একটি বড় সুযোগ।
১৬তম এ উৎসবের প্রতিপাদ্য ‘উত্তম ছবি, উত্তম দর্শক ও উত্তম সমাজ’। দেশে স্বাস্থ্যকর সিনেসংস্কৃতি গড়ে তুলতে ১৯৭৭ সাল থেকে কাজ করে যাচ্ছে আয়োজক প্রতিষ্ঠান রেইনবো ফিল্ম সোসাইটি। ১৯৯২ সাল থেকে তাঁরা আয়োজন করে আসছে আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসব।