শুরু হচ্ছে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
রাশিয়ার রাজধানী মস্কোয় শুরু হচ্ছে ৩৯তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় মস্কোর অক্টোবর সিনেমা প্রাঙ্গণে উদ্বোধন করা হবে এই উৎসবের। আগামী এক সপ্তাহ এই প্রাঙ্গণ সরব থাকবে চলচ্চিত্রপ্রেমীদের প্রাণবন্ত উপস্থিতিতে।
রুশ সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও মস্কো নগর কর্তৃপক্ষের সহযোগিতায় এই চলচ্চিত্র উৎসব হচ্ছে।
আজকের উদ্বোধনী অনুষ্ঠানটি শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য। ছবি প্রদর্শনী ছাড়াও রাশিয়ার বড় পর্দার তারকারা লালগালিচা পার হবেন। আলোকচিত্রশিল্পীদের ক্যামেরার ঝলকানির মধ্য দিয়ে পার হবে আজকের দিনটি। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে ভারতীয় নির্মাতা এস এস রাজমৌলীর চলচ্চিত্র ‘বাহুবলী: দ্য কনক্লুশন’। এবারে উৎসবের প্রতিযোগিতা বিভাগ স্বল্পদৈর্ঘ্য, কাহিনিচিত্র ও প্রামাণ্যচিত্র-সংবলিত নয়টি দেশের ১৩টি ছবি দিয়ে সাজানো হয়েছে।

আয়োজকেরা জানান, ২৩ জুন থেকে সাধারণ দর্শকেরা টিকিট কেটে উৎসবে আসতে পারবেন।
মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় তৈরি মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’। ছবিটি উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে প্রদর্শনীর জন্য ইতিমধ্যে নির্বাচিত হয়েছে। এটির মাধ্যমে দ্বিতীয়বারের মতো বাংলাদেশি কোনো পরিচালকের ছবি প্রদর্শিত হতে যাচ্ছে এই চলচ্চিত্র উৎসবে। ২৮ ও ২৯ জুন দেখানো হবে ‘ডুব’। এতে অংশ নিতে ২৭ জুন মস্কো যাবেন ফারুকী।

হলিউডের খ্যাতিমান অভিনেত্রী ও পরিচালক সোফিয়া কোপ্পোলার ‘দ্য বিগুইলড’ প্রদর্শনীর মধ্য দিয়ে ২৯ জুন শেষ হবে পূর্ব ইউরোপের নামকরা এই চলচ্চিত্র উৎসব।
১৯৩৫ সাল থেকে আয়োজন করা হচ্ছে এ উৎসবের। শুরুতে প্রতি দুই বছর অন্তর এ উৎসব হতো। ১৯৯৯ সালে খ্যাতিমান রুশ অভিনেতা ও নির্মাতা নিকিতা মিখালকোভ মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে প্রতিবছর এ উৎসব হয়ে আসছে।