শুরু হচ্ছে মীর সাব্বিরের নতুন ধারাবাহিক ‘মকবুল’
‘কাঁচা গাব পাকা গাব’ এবং ‘বরিশাল বনাম নোয়াখালী’ নাটকের সিক্যুয়েলসহ তিনটি এক ঘণ্টার নাটক পরিচালনার পর এবার ‘মকবুল’ নামের একটি ধারাবাহিক নাটক পরিচালনা করলেন অভিনেতা মীর সাব্বির। এটি তাঁর পরিচালিত প্রথম ধারাবাহিক। কামরুল হাসানের রচনায় নাটকটির চিত্রনাট্যও লিখেছেন মীর সাব্বির নিজেই। এর পাশাপাশি তিনি নাটকটির কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করেছেন। গত বছর শীত মৌসুমে নাটকটির শুটিং হয়েছে বরগুনা ও ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে। কাল সোমবার থেকে এটিএন বাংলায় রাত নয়টায় ধারাবাহিকটির প্রচার শুরু হবে।নাটকটির সম্প্রচারকে সামনে রেখে সম্প্রতি রাজধানীর একটি স্থানীয় রেস্তোরাঁয় এর উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে নাটকের কলাকুশলীসহ এটিএন বাংলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।নাটকটি সম্পর্কে অভিনেতা ও পরিচালক মীর সাব্বির বলেন, ‘মকবুল আসলে একটি প্রতীকী নাম। নানা চড়াই-উত্রাইয়ের মধ্য দিয়ে সে এগিয়ে চলে এবং নিজেকে মেলে ধরতে চায়। একই সঙ্গে নানা ঘটনা প্রবাহে মকবুলের সঙ্গে দেখা হয় আরেকজন মকবুলের। এ সাধারণ মকবুল কীভাবে একসময় অসাধারণ মানুষে পরিণত হবে, সেটাই দেখানোর চেষ্টা করেছি আমরা এ নাটকে।’মীর সাব্বির আরও বলেন, ‘আপাতত মকবুল চরিত্রে আমাকে দেখা গেলেও পরে এতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে জাহিদ হাসান ও ফজলুর রহমান বাবুর।’এ ধারাবাহিকে মকবুল চরিত্রটিকে ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য লন্ডন থেকে আনা বিশেষ ধরনের একটি দাঁত ব্যবহার করা হয়েছে বলে জানান মীর সাব্বির।মীর সাব্বির ছাড়াও নাটকটিতে অন্যদের মধ্যে অভিনয় করছেন—সুইটি, শ্রাবন্তী, নাদিয়া নাজনীন চুমকি, খায়রুল আলম সবুজ, ফারুক আহমেদ, শতদল বড়ুয়া বিলু, আহসানুল হক মিনু, সিদ্দিকুর রহমান, স্বাধীন খসরু, আবদুল্লাহ রানাসহ আরও অনেকে।