শুরু হচ্ছে রবি-যাত্রাপালা প্রতিযোগিতা
‘হে বাংলাদেশ যাত্রার জয়গান গাও/ঐতিহ্যের সাথে মিশে ইতিহাস হয়ে রও’—এই স্লোগান নিয়ে শুরু হচ্ছে রবি-যাত্রাপালা প্রতিযোগিতা-২০১১। যাত্রাশিল্পকে বিকশিত করার জন্য এ ধরনের উদ্যোগ নিয়েছে যাত্রাভিশন লিমিটেড। এতে পৃষ্ঠপোষকতায় রয়েছে মুঠোফোন প্রতিষ্ঠান রবি। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার রাজধানীতে একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন যাত্রাভিশনের প্রধান উপদেষ্টা জ্যোত্স্না বিশ্বাস, চেয়ারম্যান অরুণা বিশ্বাস, ব্যবস্থাপনা পরিচালক মিঠু বিশ্বাস, মুঠোফোন প্রতিষ্ঠান রবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জাবিদ আহসান, প্রতিষ্ঠানটির ঢাকা অঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ রেজাউল ইসলাম সিদ্দিকী এবং ব্যবস্থাপক সাজিদ কবির, রাজিয়া সুলতানা প্রমুখ।অনুষ্ঠানে যাত্রাভিশনের প্রধান উপদেষ্টা জ্যোত্স্না বিশ্বাস বলেন, ‘যাত্রার আবহকে গ্রাম থেকে নগরে ছড়িয়ে দেওয়ার জন্য এবং আমাদের বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করার পাশাপাশি বর্তমান প্রজন্মের কাছে যাত্রাকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আধুনিক গণমাধ্যমের হাতিয়ার এই যাত্রাভিশন কাজ করছে। রবি-যাত্রাপালা প্রতিযোগিতার মাধ্যমে আমরা সারা দেশের কুসংস্কারাচ্ছন্ন গ্রামীণ অপসংস্কৃতিকে নির্মূল করতে চাই। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শুধু অভিনয় নয়, পালা রচনায় জাতীয় চেতনা, ইতিহাস ও সমকালীন ঘটনা তুলে আনতে নতুন লেখকদের উত্সাহিত করাটাও আমাদের উদ্দেশ্য।’যাত্রাভিশনের চেয়ারম্যান অরুণা বিশ্বাস বলেন, ‘রবির স্লোগানের সঙ্গে সুর মিলিয়ে বলতে চাই, আমরা যাত্রার আপন শক্তিতে জ্বলে উঠতে চাই।’ রবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জাবিদ আহসান বলেন, ‘এ ধরনের আয়োজনে পৃষ্ঠপোষকতার সুযোগ দেওয়ার জন্য আমরা যাত্রাভিশনের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি মনে করি, রবি তার দায়িত্ববোধ থেকে মৃতপ্রায় এ যাত্রাশিল্পকে নতুন করে জাগিয়ে তুলবে।’ তিনি আরও বলেন, ‘রবি শুধু একটি প্রতিষ্ঠানই নয়, এটি সারা বাংলার মানুষের কণ্ঠস্বরও বটে। রবি-যাত্রাশিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনার চেষ্টা করবে।’ যাত্রাভিশনের ব্যবস্থাপনা পরিচালক মিঠু বিশ্বাস জানান, রবি-যাত্রাপালা প্রতিযোগিতা-২০১১ নিবন্ধনের কাজ শুরু হবে আগামী জুন থেকে। জুলাই মাসে শুরু হবে প্রাথমিক বাছাইয়ের কাজ। প্রতিযোগিতার জন্য সারা দেশে মোট ১০টি মঞ্চ তৈরি করা হবে। মঞ্চগুলো থেকে তিনটি করে দল নির্বাচন করে মোট ৩০টি দল চূড়ান্ত পর্বের জন্য মনোনীত করা হবে। সব শেষে বিভিন্ন প্রতিযোগিতার ধাপ পেরিয়ে আসা পাঁচটি দলকে পুরস্কৃত করা হবে।