শুরু হচ্ছে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা
সৌন্দর্যের আকাশে নক্ষত্রটি খুঁজে পেতে আবার শুরু হচ্ছে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা ২০১২। প্রতিযোগিতার সপ্তম এ আসরেও বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি সুন্দরীদের মেধা ও দক্ষতা যাচাই করে মিডিয়ার জন্য সম্ভাবনাময়ী নারীদের খুঁজে বের করা হবে।গতকাল বুধবার নতুন প্রতিযোগিতা উপলক্ষে নগরের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের স্টার সিনেপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। অনুষ্ঠানে এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশন লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান নূর বলেন, লাক্স-আনন্দবিচিত্রা ফটো সুন্দরী দিয়ে এ প্রতিযোগিতার শুরু। তখন ছবিতে কে কত সুন্দর, সেটাই ছিল বিচারকদের বিবেচ্য। স্যাটেলাইট চ্যানেলের সংখ্যা বাড়ার পাশাপাশি এ প্রতিযোগিতার কলেবর বাড়ানো হয়। পরে ২০০৫ সালে এর সঙ্গে চ্যানেল আই যুক্ত হয়। প্রতিযোগিতায় আনা হয় ভিন্ন মাত্রা। বর্তমানে শুধু বাহ্যিক সৌন্দর্য নয়; মেধা, দক্ষতা ও যোগ্যতার বিচারে সুন্দরীদের নির্বাচন করা হচ্ছে। ফলে এই নারীরা মিডিয়ার বিভিন্ন ক্ষেত্রে প্রতিভা দেখানোর সুযোগ পাচ্ছেন।প্রতিযোগিতার বিচারক জাদুশিল্পী জুয়েল আইচ বলেন, সুন্দরের সঙ্গে মেধা যোগ হলে তা সৌন্দর্যের মাত্রা আরও বাড়িয়ে তোলে। প্রতিযোগিতার আরেক বিচারক অভিনেতা তৌকীর আহমেদ বলেন, লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্ল্যাটফর্মটি বর্তমানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কেননা দেশে পারফর্মিং আর্ট ইনস্টিটিউট বা এ ধরনের কোনো স্কুল নেই।চ্যানেল আইয়ের পরিকল্পনা ব্যবস্থাপক অভিনেত্রী রুমানা রশিদ ঈশিতা বলেন, ইউনিলিভার ও চ্যানেল আই মিডিয়ার সম্ভাবনাময়ী নারীদের সামনে এগিয়ে যাওয়ার পথ দেখাচ্ছে।প্রতিযোগিতায় এবার চূড়ান্ত বিচারকমণ্ডলীতে রয়েছেন অভিনেত্রী তারিন। তিনি বলেন, সুপারস্টার হয়ে গেলে অনেকেই ভাবেন, তিনি অনেক কিছু হয়ে গেছেন। এ ধারণাটা ঠিক নয়। মিডিয়ায় জায়গা নেওয়ার ক্ষেত্রে এ প্রতিযোগিতা প্রাথমিক একটি ধাপ। তার পরও চর্চা করতে হবে।ইউনিলিভার লাক্স ব্র্যান্ড ব্যবস্থাপক বুশরা ফয়েজ, প্রতিযোগিতার পরিচালক মাসুদ হাসান প্রতিযোগিতার বিভিন্ন বিষয় তুলে ধরেন।