শুরু হচ্ছে লোকসংস্কৃতি উৎসব ২০১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে শুরু হচ্ছে লোকসংস্কৃতি উত্সব ২০১৩। ১২ এপ্রিল শুক্রবার থেকে দুই দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে একাডেমীর জাতীয় চিত্রশালা প্লাজা ও একাডেমী প্রাঙ্গণে। এই উৎসবে নাচ-গানের পাশাপাশি বিভিন্ন ধরনের লোকজ খেলাও উপভোগ করতে পারবে দর্শক। এ প্রসঙ্গে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জনসংযোগ কর্মকর্তা এস এম সালাউদ্দিন জানান, একাডেমীর সংগীত ও নৃত্য বিভাগের ব্যবস্থাপনায় ‘দেশজ সংস্কৃতির বিকাশ ও আন্তর্জাতিক সংস্কৃতির সাথে মেলবন্ধন’ শীর্ষক কর্মসূচির আওতায় এ উৎসবের আয়োজন করা হয়েছে। ১২ এপ্রিল সন্ধ্যা ছয়টায় উৎসবের উদ্বোধন করবেন পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য বেগম নাসরিন আহমাদ। একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন সংগীত ও নৃত্য বিভাগের পরিচালক সোহরাব উদ্দীন।১২ ও ১৩ এপ্রিল বিকেল চারটায় উৎসব শুরু হবে। লোকজ নাচ, গান, যন্ত্রসংগীত, পুঁথিপাঠের আয়োজন করা হয়েছে একাডেমীর জাতীয় চিত্রশালা প্লাজায়। এ ছাড়া, সেখানে সেমিনারের আয়োজনও করা হয়েছে। লোকজ বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হয়েছে একাডেমী প্রাঙ্গণে। উৎসবে পরিবেশিত হবে লালন শাহের গান, শাহ আবদুল করিমের গান, জালাল খাঁর গান, রাধা রমণের গান, হাসন রাজার গান, বিজয় সরকারের গান, ভাওয়াইয়া গান, সারি গান প্রভৃতি। পাশাপাশি সংযাত্রা, রায়বেঁশে নৃত্য, মাদার বাঁশ নৃত্য, গারো সম্প্রদায়ের শিল্পীদের নৃত্যও পরিবেশিত হবে। আর লোকজ খেলার মধ্যে রয়েছে রুমালচোর, কানামাছি, পাতাখেলা, বউচি, সাতচারা, লুডু, দাবা, মোরগের লড়াই, গোল্লাছুট, হাঁড়িভাঙা প্রভৃতি।