শুরু হচ্ছে শিশু চলচ্চিত্র উৎসব
২৪ জানুয়ারি চিলড্রেন ফিল্ম সোসাইটি বাংলাদেশের উদ্যোগে ‘১০ম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ’ শুরু হচ্ছে। গতকাল মঙ্গলবার মুক্তিযুদ্ধ জাদুঘরে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকেরা এমনটি জানান।
‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ স্লোগান নিয়ে এ উৎসব চলবে ঢাকাসহ রাজশাহী ও রংপুরে ৩০ জানুয়ারি পর্যন্ত। পরবর্তী সময়ে চট্টগ্রামে ৩ ও ৪ ফেব্রুয়ারি উৎসব অনুষ্ঠিত হবে। ঢাকায় মূল কেন্দ্র হিসেবে থাকছে গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন। উদ্বোধনী দিন ছাড়া প্রতিদিন বেলা ১১টা, ২টা, বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টায় মোট চারটি করে প্রদর্শনী থাকবে। দেশজুড়ে ১১টি ভেন্যুতে ৫৪টি দেশের ২০০ শিশুতোষ চলচ্চিত্র দেখানো হবে। সব প্রদর্শনী অভিভাবকসহ শিশুরা বিনা মূল্যে দেখতে পারবে। এ ছাড়া উৎসবে থাকবে চলচ্চিত্র নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা ও কর্মশালা।
২৪ জানুয়ারি বিকেল চারটায় উৎসবের উদ্বোধন হবে কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরে। উৎসব শেষ হবে ৩০ জানুয়ারি বিকেল পাঁচটায় শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে।