শুরু হচ্ছে শিশু চলচ্চিত্র উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ স্লোগান নিয়ে ১৯ জানুয়ারি থেকে ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহরে একসঙ্গে শুরু হচ্ছে ষষ্ঠ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশের উদ্যোগে আন্তর্জাতিক এই উৎসব চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। গতকাল শনিবার রাজধানীর সেগুনবাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।এতে উপস্থিত ছিলেন উৎসব উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান শিল্পী মুস্তাফা মনোয়ার, চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশের সভাপতি মুহম্মদ জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মুনিরা মোরশেদ, উৎসব পরিচালক মোরশেদুল ইসলাম, ইউনিসেফের কমিউনিকেশন ম্যানেজার আরিফা শারমিন, আইএফআইসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান, চট্টগ্রাম উৎসবের সমন্বয়কারী শৈবাল চৌধুরী প্রমুখ। উৎসব পরিচালক মোরশেদুল ইসলাম লিখিত বক্তব্যে জানান, সারা দেশে ২২টি কেন্দ্রে ৪২টি দেশের দুই শতাধিক শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। ঢাকায় মূল উৎসব কেন্দ্র হিসেবে ব্যবহূত হবে কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বর ও শওকত ওসমান মিলনায়তন। এ ছাড়া ঢাকায় সাতটি, চট্টগ্রামে সাতটি, রাজশাহীতে চারটি এবং রংপুর, খুলনা, সিলেট ও বরিশালে একটি করে কেন্দ্র থাকবে। উদ্বোধনী দিন ছাড়া প্রতিদিন বেলা ১১টা, দুইটা, বিকেল চারটা ও সন্ধ্যা ছয়টায় মোট চারটি করে প্রদর্শনী হবে। সব প্রদর্শনী শিশুদের জন্য উন্মুক্ত।উৎসবের অন্যতম আকর্ষণ বাংলাদেশের শিশুদের নির্মিত চলচ্চিত্রের প্রতিযোগিতা বিভাগটি। এই বিভাগে শতাধিক চলচ্চিত্র জমা পড়েছিল, এর মধ্যে ৬০টি ছবি প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে। এর মধ্যে পাঁচটি ছবি পাবে পুরস্কার।উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি হবে ২৫ জানুয়ারি বিকেল পাঁচটায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে। রমন শিবকুমারকে বিশেষ সম্মাননাশান্তিনিকেতনের শিল্প-ইতিহাস বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট শিল্পতত্ত্ববিদ রমন শিবকুমারকে বিশেষ সম্মাননা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। গতকাল শনিবার অনুষদের লেকচার থিয়েটারে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক রমন শিবকুমারের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পী রফিকুন নবী। সভাপতিত্ব করেন অনুষদের ডিন আবুল বারক আলভী। শিল্পসমালোচক মঈনুদ্দীন খালেদ রমন শিবকুমারের কর্মপরিচিতি তুলে ধরেন। সঞ্চালনা করেন অধ্যাপক নিসার হোসেন।আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, শিল্পকলা শিক্ষাসহ সব শিক্ষার মূল লক্ষ্য মানুষের মধ্যে মনুষ্যত্বের বিকাশ ঘটানো। তিনি শিক্ষাকে মনুষ্যত্ব বিকাশের একমাত্র হাতিয়ার হিসেবে গ্রহণ করার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অধ্যাপক শিবকুমার ‘রবীন্দ্রনাথ অ্যান্ড আর্ট এডুকেশন অ্যাট শান্তিনিকেতন’ শীর্ষক বক্তব্য দেন। তিনি বলেন, ভৌগোলিক সীমারেখার কারণে দুই বাংলা আলাদা হতে পারে। কিন্তু শিল্প-সংস্কৃতিতে একই বন্ধনে আবদ্ধ রয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ তাঁর কর্ম দিয়ে এ বন্ধনকে আরও দৃঢ় করেছেন।আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পতত্ত্ববিদ রমন শিবকুমার ১৯৬৫ সালে ভারতের কেরালায় জন্মগ্রহণ করেন। দীর্ঘকাল তিনি শান্তিনিকেতনের কলাভবনে শিল্প-ইতিহাস বিষয়ে অধ্যাপনা ও গবেষণা করেছেন। এ ছাড়া সন্ধ্যা ছয়টায় ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে অধ্যাপক রমন শিবকুমার চিত্রকলার নানা বিষয় নিয়ে আলোচনা করবেন ডেপার্ট সম্পাদক মোস্তফা জামানের সঙ্গে। এই মুক্ত আলোচনায় শিল্পী ও কলানুরাগীরাও অংশ নেন।ফরিদা জামানের একক চিত্র প্রদর্শনী আজ থেকেবেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের আয়োজনে আজ থেকে শিল্পী ফরিদা জামানের ‘নিরন্তর মাটির টানে’ শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী শুরু হবে। আজ রোববার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বেঙ্গল গ্যালারিতে দুই সপ্তাহব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।গতকাল শনিবার দুপুরে বেঙ্গল গ্যালারিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রদর্শনীর বিস্তারিত জানানো হয়। এতে শিল্পী ফরিদা জামান এবং বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী বক্তব্য দেন। লিখিত বক্তব্য উপস্থাপন করেন বেঙ্গল ফাউন্ডেশনের ব্যবস্থাপক সারোয়ার জাহান। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রদর্শনীতে মোট চিত্রকর্মের সংখ্যা প্রায় ৬৫টি। প্রদর্শনী ২৬ জানুয়ারি পর্যন্ত খোলা থাকবে।