শুরু হচ্ছে সেলিম আল দীন জন্মোৎসব

নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৪তম জন্মবার্ষিকী স্মরণে নাট্য-সংগঠন স্বপ্নদলের উদ্যোগে আজ ১৭ আগস্ট থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী নাট্যোৎসব। ‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব—২০১৩’-এর স্লোগান হচ্ছে ‘আত্মশক্তির জিয়ন-পরশে কাল ঘুম নাশে, দ্বিধা হলো লীন, নাট্যাচার্য সেলিম আল দীন’। উৎসব প্রসঙ্গে স্বপ্নদলের দলপ্রধান জাহিদ রিপন জানিয়েছেন, সন্ধ্যা সাড়ে ছয়টায় শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে নাট্যাচার্য সেলিম আল দীনের উদ্দেশে নিবেদিত সংগীত-কোরিওগ্রাফি উপস্থাপন এবং তাঁর জীবন-কর্ম-দর্শন আলোচনার মাধ্যমে এ উৎসবের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হবে। এ উৎসব উদ্বোধন করবেন নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও থাকবেন নাট্যজন এস এম মহসীন, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য কেরামত মওলা, সেলিম আল দীনের স্ত্রী বেগমজাদী মেহেরুন্নেসা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের চেয়ারম্যান খায়েরুজ্জাহান মিতু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ।

সন্ধ্যা সাতটায় সেলিম আল দীনের ‘মুক্তিযুদ্ধের স্মৃতিকথা’ অবলম্বনে স্বপ্নদল প্রযোজনা ‘ফেস্টুনে লেখা স্মৃতি’র মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। উৎসবের দ্বিতীয় দিন ১৮ আগস্ট রোববার সকাল আটটায় জাতীয় নাট্যশালা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে উৎসব-শোভাযাত্রাসহকারে সেলিম আল দীনের সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ করা হবে। এরপর বেলা সাড়ে তিনটায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনারকক্ষে ‘নাট্যাচার্য সেলিম আল দীন: নবীন নাট্যকারের দৃষ্টিতে’ শীর্ষক বিশেষ সেমিনার। নাট্যজন আতাউর রহমানের সভাপতিত্বে সেলিম আল দীনের নাট্য-কীর্তি সম্পর্কে অভিমত উপস্থাপন করবেন প্রতিশ্রুতিশীল নাট্যকারেরা।
উৎসবের সর্বশেষ আকর্ষণ হিসেবে থাকবে এক্সপেরিমেন্টাল থিয়েটারে স্বপ্নদলের প্রযোজনা সেলিম আল দীনের কালজয়ী সৃষ্টি ‘হরগজ’ নাটকের মঞ্চায়ন।
প্রসঙ্গত, এবারের আয়োজনসহ স্বপ্নদল বিভিন্ন সময়ে আটবার সেলিম আল দীন উৎসব আয়োজন করেছে। উৎসবের আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, উৎসবের সব আয়োজন সবার জন্য উন্মুক্ত।