
আন্তর্জাতিক সাহিত্য উৎসব ‘হে ফেস্টিভ্যাল’ তৃতীয়বারের মতো শুরু হচ্ছে ঢাকায়। বাংলা একাডেমিতে ১৪ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত চলবে এই উৎসব।
গতকাল সোমবার বাংলা একাডেমিতে এক সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত কর্মসূচি তুলে ধরা হয়। এতে জানানো হয়, ১৪ নভেম্বর সকাল নয়টায় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হবে একাডেমি প্রাঙ্গণের মঞ্চে। এরপর প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা উৎসবের অধিবেশন চলবে। এবারের উৎসবে অংশ নেওয়ার জন্য নাম নিবন্ধনের প্রয়োজন হবে না। সাহিত্যানুরাগী যে কেউ এতে অংশ নিতে পারবেন। এই উৎসব আয়োজন করছে আন্তর্জাতিক হে উৎসব উদ্যাপন কমিটি। এর টাইটেল স্পনসর করছে দ্য ডেইলি স্টার। অনুষ্ঠানকেন্দ্র দিয়ে সহায়তা করছে বাংলা একাডেমি।
সংবাদ সম্মেলনে উৎসবের নানা দিক নিয়ে আলোচনায় অংশ নেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধি ঈশিতা আহমেদ, লেখক কাজী আনিস আহমেদ ও উৎসবের সহপ্রযোজক সাদাফ সায্ সিদ্দিকী।
আলোচকেরা বলেন, ২০১১ সালের ২১ নভেম্বর ব্রিটিশ কাউন্সিলে প্রথমবার এই উৎসব আয়োজন করা হয়েছিল। এক দিনের সেই উৎসবে বিপুল সাড়া পাওয়ায় গত বছর বাংলা একাডেমিতে ১৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার ১৫ জন প্রখ্যাত লেখক অংশ নেন। উৎসবে ১০ হাজারের বেশি সাহিত্যানুরাগীর সমাবেশ ঘটে।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও এই উৎসবের সংবাদ গুরুত্বের সঙ্গে প্রচার পায়। এরই ধারাবাহিকতায় এবারও তিন দিনের উৎসব আয়োজন করা হয়েছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় অর্ধশত সাহিত্যিক অংশ নেবেন। এবার উৎসবে প্রায় ৭৫টি অধিবেশন হবে। এ ছাড়া থাকবে সাহিত্য বিষয়ে দুটি বিশ্বমানের কর্মশালা।
উৎসবে বিদেশি সাহিত্যিকদের মধ্যে থাকবেন তারেক আলী, আহদাব শোয়েব, পঙ্কজ মিশ্র, নাদিম আসলাম, আমের হুসেন, রমেশ গুনেসেকেরা প্রমুখ। বাংলাদেশের সাহিত্যিকদের মধ্যে সৈয়দ শামসুল হক, হাসান আজিজুল হক, সেলিনা হোসেন, সৈয়দ মনজুরুল ইসলাম, মুহম্মদ জাফর ইকবালসহ অনেকে অংশ নেবেন।
আয়োজকেরা বলেন, এই উৎসবের মধ্য দিয়ে আমাদের দেশে যাঁরা ইংরেজি ভাষায় সাহিত্যচর্চা করছেন, তাঁদের সঙ্গে বিশ্বের খ্যাতিমান সাহিত্যিকদের সঙ্গে যোগাযোগ গড়ে উঠবে। এর পাশাপাশি অনুবাদের মাধ্যমে বাংলা সাহিত্যও বিশ্বসাহিত্যের অঙ্গনে প্রবেশের সুযোগ পাবে।
এই উৎসবে এবার চারটি আন্তর্জাতিক প্রকাশনা সংস্থাও অংশ নিচ্ছে। বাংলাদেশের লেখকদের সম্পর্কে তাঁদের আগ্রহ বাড়ছে। বাংলা সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দেওয়ার একটি বিশেষ সুযোগ সৃষ্টি হয়েছে এই উৎসবের মাধ্যমে। এবার উৎসবে বাংলা সাহিত্য, আদিবাসীদের সাহিত্য নিয়েও অধিবেশন থাকবে। এ ছাড়া থাকবে কবিকণ্ঠে কবিতা পাঠ, লালনের গানের অনুষ্ঠান ও শিশুদের জন্য বিশেষ আয়োজন।