তরুণ শিক্ষার্থীদের বিজ্ঞাপন নির্মাণে উৎসাহিত করা এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শুরু হচ্ছে আন্তবিশ্ববিদ্যালয় বিজ্ঞাপন নির্মাণ প্রতিযোগিতা। ‘অ্যাড মেকার বাংলাদেশি ২০১২’ শীর্ষক এ প্রতিযোগিতার আয়োজন করছে নর্থ সাউথ ইউনিভার্সিটির তরুণ উদ্যোক্তা সংস্থা এনএসইউ ইয়েস। গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রতিযোগিতার বিস্তারিত জানায় আয়োজক প্রতিষ্ঠান।এতে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মো. আবদুস সাত্তার, গণযোগাযোগ উপপরিচালক বেলাল আহমেদ, এনএসইউ ইয়েস ক্লাবের শিক্ষক উপদেষ্টা মো. হান্নান মিয়া, ইয়েস ক্লাবের সভাপতি রেশাদ মোহাইমেন এবং সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক খান।অ্যাড মেকার বাংলাদেশ ২০১২ তে অংশগ্রহণ করার জন্য দেশের মোট ৫০টি বিশ্ববিদ্যালয়কে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতিমধ্যেই ৩৯১টি দল নিবন্ধন করেছে এবং নিবন্ধন-প্রক্রিয়া এখনো চলছে। ১৬ নভেম্বর শুক্রবার দিনব্যাপী কর্মশালার মধ্য দিয়ে অ্যাড মেকার বাংলাদেশ ২০১২ যাত্রা করবে। আগামী ১২ ডিসেম্বর প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।সংবাদ সম্মেলনে আবদুস সাত্তার বলেন, গ্রন্থগত জ্ঞান অর্জনের পাশাপাশি বাস্তবভিত্তিক বিভিন্ন কর্মকাণ্ডে তরুণ শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য ইয়েস ক্লাবের এ প্রয়াস প্রশংসার দাবিদার।হান্নান মিয়া বলেন, ইয়েস ক্লাবের প্রতিটি সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফসল এই অ্যাড মেকার বাংলাদেশ। তাঁদের এই আয়োজনে সারা দেশের অসংখ্য শিক্ষার্থী সাড়া দিয়েছেন।এনএসইউ ইয়েস ক্লাবের সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক খান বলেন, বিজ্ঞাপনকে বর্তমানে একটি শিক্ষা হিসেবে বিবেচনা করা হয় এবং বিজ্ঞাপন নির্মাণে যাতে তরুণ শিক্ষার্থীরা তাঁদের দক্ষতার পরিচয় দিতে পারেন, তার জন্যই এই আয়োজন। এ প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ক্লিয়ার, কারিগরি পৃষ্ঠপোষক অ্যাডকম, ইলেকট্রনিক মিডিয়া পার্টনার সময়, রেডিও পার্টনার রেডিও ফুর্তি, অ্যাসোসিয়েট পার্টনার প্রথম আলো ও প্রথম আলো জবস এবং বেভারেজ পার্টনার পেপসি।মীর মশাররফ হোসেনের ১৬৫তম জন্মবার্ষিকীবাংলা একাডেমী আজ মঙ্গলবার বেলা তিনটায় মীর মশাররফ হোসেনের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। বিশেষ অতিথি থাকবেন সাংসদ কাজী কেরামত আলী, স্বাগত ভাষণ দেবেন সাংসদ জিল্লুল হাকিম। ধন্যবাদ জানাবেন বালিয়াকান্দি উপজেলার চেয়ারম্যান আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক শান্তনু কায়সার। আলোচনায় অংশ নেবেন অধ্যাপক সোনিয়া নিশাত আমিন, আনিসুল হক, বিনয় কুমার চক্রবর্তী, সৈয়দা শাহানা বারী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান।বৃহস্পতিবার নবান্ন উৎসব‘এসো মিলি সবে নবান্নের উৎসবে’ স্লোগান নিয়ে আগামী বৃহস্পতিবার পয়লা অগ্রহায়ণে অনুষ্ঠিত হবে নবান্ন উৎসব। রাজধানীর রমনার বটমূলে সকালের সূর্য ওঠার সঙ্গে সঙ্গে বাঁশির সুরের মূর্ছনায় শুরু হবে উৎসব। আয়োজক সংগঠন জাতীয় নবান্নোৎসব উদ্যাপন পর্ষদের পক্ষ থেকে গত রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, দিনজুড়ে উৎসবে কয়েক শ শিল্পী সংগীত, নৃত্য, আবৃত্তি, বাউলগান ও ঢাকঢোল বাদন পরিবেশন করবেন। এবারের উৎসবে আদিবাসীদের পরিবেশনা ছাড়াও থাকবে নবান্ন কথন, শোভাযাত্রা, পিঠা-পায়েশ, মুড়ি-মুড়কি। প্রথম পর্বের অনুষ্ঠান চলবে বেলা ১১টা পর্যন্ত। দ্বিতীয় পর্ব শুরু বেলা তিনটায়, চলবে রাত নয়টা পর্যন্ত।