শুরু হচ্ছে 'আলফা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল থেকে উত্তরার দিয়াবাড়িতে শুরু হচ্ছে আলফা ছবির শুটিং। এটি নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত তৃতীয় ছবি। এর গল্পও লিখেছেন নির্মাতা নিজেই।
আলফা ছবিটি তৈরি হচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে। এর নির্বাহী প্রযোজক এশা ইউসুফ। এশা জানান, প্রায় ১১ মাস আগে শুরু হয় এ ছবির গল্প লেখা। গত তিন মাস ধরে তাঁরা প্রি-প্রোডাকশনের কাজ করছেন। এ টি এম শামসুজ্জামান ছাড়া ছবির অন্য শিল্পীরা সবাই নতুন। অডিশনের মধ্য দিয়ে শিল্পী বাছাই করা হয়েছে। এঁদের মধ্যে অনেকেই মঞ্চ থেকে এসেছেন।
এর আগে নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত ছবি একাত্তরের যীশু এবং গেরিলা—দুটোই ছিল মুক্তিযুদ্ধভিত্তিক। তবে এবারের ছবিটি হবে ব্যতিক্রম। নির্মাতা বলেন, ‘আধুনিক শহরে একজন মানুষ ক্ষয়িষ্ণু শিল্পমাধ্যম (বিলবোর্ড, ব্যানার আঁকার কাজ) নিয়ে কাজ করেন। যান্ত্রিক এ শহরে বাস্তবতার সঙ্গে মানিয়ে এবং অন্তর্দ্বন্দ্ব নিয়ে তাঁর বেঁচে থাকার চিত্র দেখা যাবে এ ছবিতে। এটি তৈরি হবে সম্পূর্ণ বর্তমান প্রেক্ষাপটে।’