শুরু হচ্ছে ‘একক অভিনয় উৎসব’
থিয়েটারের কোকিলারা, ঢাকা থিয়েটারের বিনোদিনী, সাধনার সীতার অগ্নিপরীক্ষা, নাগরিক নাট্যাঙ্গনের আমি বীরাঙ্গনা বলছি, মণিপুরি থিয়েটারের কহে বীরাঙ্গনা, ইসলামউদ্দিন কিচ্ছাদারের সয়ফুলমুলক বদিউজ্জামাল, চারুনিড়মের নানা রঙের দিনগুলি, ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের বিফোর ব্রেকফাস্ট, জিয়নকাঠির স্ত্রীর পত্র, পদাতিক নাট্য সংসদের তারামন, ড্রামা ডটকমের জানালায় নাটকগুলো নিয়ে আজ থেকে শুরু হচ্ছে ‘একক অভিনয় উৎসব’। আট দিনের উৎসব যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) বাংলাদেশ কেন্দ্র।আইটিআইয়ের আন্তর্জাতিক সভাপতি রামেন্দু মজুমদার বললেন, ‘বছর দশেক আগে আইটিআইয়ের উদ্যোগে একক অভিনয়ের নাটক নিয়ে আরেকটি উৎসব হয়েছিল। তবে এবার আমরা বেশ বড় আকারে উৎসব করছি।’উৎসবের আহ্বায়ক গোলাম সারোয়ার বলেন, ‘একক অভিনয়ের ধারণাটা পাশ্চাত্যে নতুন হলেও আমাদের এখানে কিন্তু এর ঐতিহ্য অনেক পুরোনো। আইটিআই যেহেতু এখন এ ধরনের নাটকচর্চাকে উৎসাহিত করছে, সেখানে আমরা কেন পিছিয়ে থাকব? এ কারণেই এ উৎসবের আয়োজন করছি।’উৎসবের নাটকগুলো মঞ্চস্থ হবে প্রতিদিন সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে।