শুরু হচ্ছে ‘চাঁদের নিজের কোনো আলো নেই’
হাসির নাটক গ্র্যাজুয়েট শেষ হয়ে যাচ্ছে। ২৩ জানুয়ারি এর শেষ পর্ব প্রচারিত হবে এনটিভিতে। গ্র্যাজুয়েট-এর নির্মাতা মোস্তফা কামাল রাজ জানিয়েছেন, গ্র্যাজুয়েট শেষ হওয়ার পর ২৯ জানুয়ারি থেকে সপ্তাহে দুই দিন করে এনটিভিতে প্রচারিত হবে তাঁরই নির্মিত নতুন ধারাবাহিক নাটক চাঁদের নিজের কোনো আলো নেই। নাটকটি রচনা করেছেন আনিসুল হক। এই নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, শখ, তিশা, সিদ্দিকুর রহমান, মুনিরা মিঠু, মিশু, রথি প্রমুখ।রাজ জানিয়েছেন, গ্র্যাজুয়েট ছিল পুরোপুরি হাসির নাটক। আর চাঁদের নিজের কোনো আলো নেই নাটকটি পারিবারিক টানাপোড়েনের গল্প নিয়ে। নাটকে দেখানো হবে পরিবারের মেয়ে তিশা অনেক পরে জানতে পারে, যাকে এত দিন সে বাবা বলে জেনে এসেছে, সে আসলে তার বাবা নয়। এ নিয়ে মেয়েটির মনে এক ধরনের দ্ব্বন্দ্বের সৃষ্টি হয়। মেয়েটিকে ভালোবাসে মোশাররফ করিম। কিন্তু মোশাররফের এই ভালোবাসা একতরফাই রয়ে যায়। আস্তে আস্তে ঘটনা অনেক জট পাকাতে থাকে। রাজ বললেন, এই নাটক প্রত্যেক দর্শকের মনে এক ধরনের দাগ কাটবে। কিছু কিছু দৃশ্য আছে, যেগুলো কিছুটা সময়ের জন্য হলেও আবেগপ্রবণ করে তুলতে পারে। অন্যদিকে গ্র্যাজুয়েট-এর শেষ পর্বে কী থাকছে, জানতে চাইলে রাজ জানিয়েছেন, শেষ পর্বে এই নাটকের মুখ্য চরিত্র জাহিদ হাসানকে দেখানো হবে নিঃস্ব হিসেবে। জাহিদ উপলব্ধি করে, তার জীবনে আসলে কিছুই নেই। পুরোটাই শূন্যে ভরা।