শুরু হচ্ছে ‘ট্রাভেলিং ফিল্ম সাউথ এশিয়া’
১১ ফেব্রুয়ারি থেকে ঢাকা কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে শুরু হবে ট্রাভেলিং ফিল্ম সাউথ এশিয়া শীর্ষক তথ্যচিত্র প্রদর্শনী। দুই দিনব্যাপী এই আয়োজনে প্রদর্শিত হবে দক্ষিণ এশিয়া থেকে নির্বাচিত ১২টি তথ্যচিত্র। প্রদর্শনীর জন্য মনোনীত ছবির মধ্যে আছে তানভীর মোকাম্মেলের স্বপ্নভূমি এবং ইয়াসমিন কবীরের দ্য লাস্ট রাইটস। গেল বছরের অক্টোবরে কাঠমান্ডুতে অনুষ্ঠিত দক্ষিণ এশীয় চলচ্চিত্র উত্সবে প্রথম ও দ্বিতীয় পুরস্কার জেতে বাংলাদেশের এই দুটি ছবি। এই ছবিগুলো ঘুরেঘুরে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে প্রদর্শিত হয়। তাই ট্রাভেলিং শব্দ ব্যবহার করা হয়েছে। প্রতি দুই বছরে নেপালে আয়োজিত হয় ‘ফিল্ম সাউথ এশিয়া’ উত্সব। ‘এবারে বাংলাদেশের দুটো ছবি থাকায় আমরা ঢাকায় আয়োজন করতে আগ্রহী হয়েছি।’ বলছিলেন উত্সবের আহ্বায়ক কামার আহমেদ। উত্সবে এ ছাড়া প্রদর্শিত হবে ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার ছবি।