শুরু হচ্ছে 'দৌড়'

অবশেষে মুরাদ পারভেজ পরিচালিত দৌড় ছবির শুটিং শুরু হতে যাচ্ছে। নির্মাতা জানান, মার্চ মাস থেকেই শুরু হবে দৌড়-এর কাজ। ছবিতে প্রধান একটি চরিত্রে অভিনয় করবেন সোহানা সাবা। ছবির নির্বাহী প্রযোজক হিসেবেও থাকছেন এ অভিনেত্রী।
বছর দশেক আগে বিটিভিতে প্রচারিত হয় মুরাদ পারভেজের ধারাবাহিক নাটক দৌড়। নাটকটি প্রচারের সময়ই তা চলচ্চিত্রে রূপ দেওয়ার সিদ্ধান্ত নেন এর পরিচালক। নানা কারণে এত বছর তা সম্ভব হয়নি। অবশেষে দৌড়-এর কাজ শুরু করছেন তিনি।
সোহানা সাবা বলেন, ‘থ্রিলার ধাঁচের দৌড় নাটকটি শুরু থেকেই খুব ভালো লেগে যায় আমার। কথা প্রসঙ্গে পরিচালককে তখনই বলি, একে চলচ্চিত্রে রূপ দেওয়া যায় কি? জানতে পারি, তাঁরও ইচ্ছে এরকম। অবশেষে দেরিতে হলেও দৌড় ছবির কাজ শুরু হচ্ছে। ভাবতে ভালোই লাগছে।’
দৌড় সোহানা সাবার ছয় নম্বর ছবি। আয়নার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক করেন সোহানা সাবা। এরপর একে একে কাজ করেন খেলাঘর, চন্দ্রগ্রহণ, প্রিয়তমেষু ও বৃহন্নলা ছবিতে।
পরিচালক মুরাদ পারভেজ বলেন, ‘ছবিতে দুই নায়ক আর দুই নায়িকা থাকবে। এর মধ্যে দুজন ঢাকার আর বাকিরা কলকাতার।’ নির্মাতা জানান, শিল্পী নির্বাচন চূড়ান্ত করতে খুব শিগগির তিনি কলকাতা যাচ্ছেন। ছবির কাহিনি ও চিত্রনাট্যও লিখেছেন মুরাদ পারভেজ। এর সংগীত পরিচালনা করছেন ইমন সাহা।