শুরু হচ্ছে 'নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোত্সব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেলিম আল দীন
সেলিম আল দীন

নাট্যাচার্য সেলিম আল দীনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী ১৪ জানুয়ারি। এ উপলক্ষে ১৩ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে নাট্য সংগঠন স্বপ্নদল আয়োজন করেছে চার দিনব্যাপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোত্সব-২০১৪’। সেলিম আল দীনকে নিয়ে স্বপ্নদলের উদ্যোগে আয়োজিত এবারের উত্সবের স্লোগান, ‘ঐতিহ্যের ধারায় রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ থেকে সেলিম আল দীন, বাংলা নাট্য কভু নয় দীনহীন’।

স্বপ্নদলের প্রধান সম্পাদক জাহিদ রিপন জানিয়েছেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব রণজিত্ কুমার বিশ্বাস ১৩ জানুয়ারি সোমবার বেলা সাড়ে তিনটায় শিল্পকলা একাডেমীর

নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোত্সবের পোস্টার
নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোত্সবের পোস্টার

সেমিনারকক্ষে এ উত্সবের উদ্বোধন করবেন। এরপর থাকবে আতাউর রহমানের সভাপতিত্বে সেলিম আল দীনের জীবন, শিল্পকর্ম ও দর্শনবিষয়ক আলোচনা এবং ‘নাট্যাচার্য সেলিম আল দীন: নবীন অভিনেতার দৃষ্টিতে’ শীর্ষক সেমিনার। ঢাকার বাইরের চারজন ও দেশের বাইরের একজনসহ ১৭টি নাট্যদলের ১৭ জন নবীন নাট্যকর্মী এতে তাঁদের অভিমত উপস্থাপন করবেন।

প্রশ্নোত্তর পর্বে সেলিম আল দীনের নাট্যাভিনয় বিষয়ক প্রশ্নের জবাব দেবেন মঞ্চকুসুম শিমূল ইউসুফ। এ ছাড়া আলোচনায় অংশ নেবেন বেগমজাদী মেহেরুন্নেসা, নাসির উদ্দীন ইউসুফ, এস এম মহসীন, লুত্ফর রহমান, ঝুনা চৌধুরী প্রমুখ।

১৪ জানুয়ারি মঙ্গলবারের কর্মসূচির মধ্যে রয়েছে সকাল আটটায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অভিমুখে যাত্রা এবং সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের পুরোনো কলাভবন থেকে সেলিম আল দীনের সমাধি অভিমুখে স্মরণ-শোভাযাত্রাসহ পুষ্পাঞ্জলি অর্পণ।

১৫ জানুয়ারি বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় এক্সপেরিমেন্টাল থিয়েটারে প্রদর্শিত হবে সেলিম আল দীনের কালজয়ী সৃষ্টি ‘হরগজ’। প্রদর্শনীতে অতিথি হিসেবে থাকবেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম শামীম চৌধুরী।

উত্সবের শেষদিন ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় স্টুডিও থিয়েটারে রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্রুপদি কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’ প্রযোজনা মঞ্চস্থ করবে স্বপ্নদল। এতে অতিথি এবং উত্সবের সমাপনী বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি এবং শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী। পাশাপাশি এ উত্সবে সেলিম আল দীনকে উত্সর্গ করে রচিত সংগীত-কোরিওগ্রাফি পরিবেশনা, পোস্টার-আলোকচিত্র-ভিডিও প্রদর্শনীসহ আরও নানা আয়োজনও অন্তর্ভুক্ত থাকবে।