শুরু হচ্ছে ‘রবি যাত্রাপালা প্রতিযোগিতা’
‘হে বাংলাদেশ যাত্রার জয়গান গাও/ ঐতিহ্যের সাথে মিশে ইতিহাস হয়ে রও’ স্লোগান নিয়ে শুরু হচ্ছে ‘রবি যাত্রাপালা প্রতিযোগিতা’। এ উদ্যোগ নিয়েছে যাত্রাভিশন। আয়োজনটির পৃষ্ঠপোষক রবি। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর এক রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এ আয়োজনের ঘোষণা দেওয়া হয়। এখানে উপস্থিত ছিলেন যাত্রাভিশনের প্রধান উপদেষ্টা জ্যোৎস্না বিশ্বাস, চেয়ারম্যান অরুণা বিশ্বাস, ব্যবস্থাপনা পরিচালক মিঠু বিশ্বাস, রবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জাবিদ আহসান, ঢাকা অঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ রেজাউল ইসলাম সিদ্দিকী, ব্যবস্থাপক সাজিদ কবির, রাজিয়া সুলতানা প্রমুখ।জ্যোৎস্না বিশ্বাস বলেন, ‘এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা সারা দেশের কুসংস্কারাচ্ছন্ন গ্রামীণ অপসংস্কৃতি নির্মূল করতে চাই। শুধু অভিনয় নয়, পাশাপাশি যাত্রাপালা রচনায় জাতীয় চেতনা, ইতিহাস ও সমকালীন ঘটনা তুলে আনতে নতুন লেখকদের উৎসাহিত করা আমাদের উদ্দেশ্য।’ অরুণা বিশ্বাস বলেন, ‘যাত্রার আপন শক্তিতে আমরা জ্বলে উঠতে চাই।’ জাবিদ আহসান বলেন, ‘এই প্রতিযোগিতার মধ্য দিয়ে মৃতপ্রায় যাত্রাশিল্পকে আবার নতুন করে জাগিয়ে তোলা সম্ভব হবে।’ রবি যাত্রাপালা প্রতিযোগিতার নিবন্ধনের কাজ শুরু হবে জুন মাসে। জুলাই মাসে হবে প্রাথমিক বাছাইয়ের কাজ। প্রতিযোগিতার জন্য সারা দেশে মোট ১০টি মঞ্চ তৈরি করা হবে।