শুরু হচ্ছে 'লেট নাইট কফি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোস্তফা সরয়ার ফারুকী
মোস্তফা সরয়ার ফারুকী

রাত জাগা দর্শকদের জন্য শুরু হচ্ছে ‘লাইভ টিপস অ্যান্ড ফান’ বিষয়ক অনুষ্ঠান ‘লেট নাইট কফি’। অনুষ্ঠানটির প্রথম পর্বে অতিথি হিসেবে থাকছেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সপ্তাহের প্রতি শনিবার রাত ১২টা ১ মিনিটে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে আরটিভি।

আরটিভি সূত্রে জানা গেছে, ‘লেট নাইট কফি’ অনুষ্ঠানটি মূলত রাতজাগা দর্শকদের জন্য, যাঁরা রাতের বেলা নিজেদের নানা সমস্যার সমাধান খোঁজেন। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের মন-মানসিকতাও বদলাচ্ছে। এখন জীবনসঙ্গী নির্বাচনের আগে দুজন মানুষ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেন। সম্পর্ক তৈরির সময়টায় নানা রকম মজার ঘটনা ঘটে। ‘লেট নাইট কফি’ অনুষ্ঠানটির মূল বিষয়বস্তু হচ্ছে সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নানা দিক। তবে মাঝে মাঝে বিষয় অনুযায়ী অনুষ্ঠানের ধরন পরিবর্তিত হবে।

‘লেট নাইট কফি’ অনুষ্ঠানটি আরটিভির স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে। টেলিফোন এবং ই-মেইলের মাধ্যমে দর্শকদের সঙ্গে নির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে কথা বলা হবে। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে বিষয় অনুযায়ী মিউজিক ভিডিও এবং চলচ্চিত্রের অংশবিশেষ দেখানো হবে। সোহেল রানা বিদ্যুতের প্রযোজনায় ‘লেট নাইট কফি’ অনুষ্ঠানটি উপস্থাপনার দায়িত্বে থাকছেন নুসরাত ফারিয়া মাজহার ও আবির।