শুরু হচ্ছে 'সেলিব্রিটিং লাইফ'
বছর ঘুরে আবার শুরু হচ্ছে ‘সেলিব্রিটিং লাইফ’ বা ‘জীবনের জয়গান-২০১৬’ শীর্ষক প্রতিযোগিতা। নবমবারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করেছে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। চলচ্চিত্র, স্থিরচিত্র ও গীতিকাব্য রচনার পাশাপাশি আজীবন সম্মাননা দেওয়া হবে এ বছর। একই সঙ্গে আয়োজন করা হয়েছে চলচ্চিত্র নির্মাণ কর্মশালারও। প্রতিযোগিতার বিস্তারিত জানাতে গতকাল রোববার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজন করা হয়েছিল সংবাদ সম্মেলনের। এতে বক্তব্য দেন জীবনের জয়গান প্রতিযোগিতার পরিচালক রাফি হোসেন ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কান্ট্রি হেড অব করপোরেট অ্যাফেয়ার্স বিটপী দাশ চৌধুরী।
রাফি হোসেন বলেন, ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত প্রতিযোগীরা তাঁদের কাজ জমা দিতে পারবেন। তারপর বিচারকেরা যাচাই-বাছাই করে চূড়ান্তভাবে বিজয়ী নির্ধারণ করবেন।
এবারের প্রতিযোগিতার থিম হিসেবে নির্ধারণ করা হয়েছে ‘পরিবর্তনে তারুণ্য’। এই থিম ধরেই প্রত্যেক প্রতিযোগী তাঁদের কাজ জমা দেবেন। আর্থিক পুরস্কারের পাশাপাশি বিজয়ী প্রতিযোগীদের দেওয়া হবে সনদ ও ক্রেস্ট। প্রতিযোগিতা বিষয়ে বিস্তারিত জানা যাবে www.celebratinglifebd.com