শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের ভেতরে প্রবেশপথের দুই পাশ ব্যানার-ফেস্টুন-পোস্টারে ছাওয়া। সবগুলো ব্যানারের রং একই। গ্রন্থাগারের মূল মিলনায়তনের সামনের চত্বরের চারপাশে বইয়ের স্টল। গতকাল বৃহস্পতিবার বিকেলে সবগুলো স্টলে ছিল প্রকাশকদের ব্যস্ততা। এমনই উৎসবমুখর পরিবেশে গতকাল বিকেলে উদ্বোধন হয়েছে হেমন্তের বইমেলা।কেন্দ্রীয় গণগ্রন্থাগারের উন্মুক্ত চত্বরে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, শাহবাগ শাখা ও শাহবাগের বইপাড়া সংঘ যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী গোলাম কাদের। মেলার আয়োজক পর্ষদের সদস্যসচিব খান মাহবুবের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মেলার প্রধান সমন্বয়কারী আনোয়ার ফরিদী, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি আলমগীর সিকদার প্রমুখ। মেলায় অংশ নিচ্ছে প্রায় ৩৭টি প্রতিষ্ঠান। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।প্রাচ্যনাটের ১৫ বছর‘পথ ছেড়ো না পথের মানুষ’ স্লোগান নিয়ে প্রাচ্যনাট ১৫ বছর পূর্তি উদ্যাপন করছে। বছরব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে তিন দিনব্যাপী পথনাট্যোৎসব শুরু হয়। নাট্যজন মামুনুর রশীদ এ উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের নাট্যজন বিভাস চক্রবর্তী ও বানসি কাউল। এর আগে তরুণ নাট্যকর্মী সামিউজ্জাহানকে সম্মাননা দেওয়া হয়। পরে তিনটি নাটক প্রদর্শিত হয়। কার্টুন উৎসববাংলাদেশ কার্টুনিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার দৃক গ্যালারিতে শুরু হয়েছে কার্টুন উৎসব। সকালে এ উৎসবের উদ্বোধন করেন এলিট পেইন্ট অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী বি বি সাহা রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী রফিকুন নবী, আহসান হাবীব, শিশির ভট্টাচার্য্য, শাহরিয়ার খান প্রমুখ। এবারের উৎসবে আজীবন সম্মাননা দেওয়া হয় কার্টুনিস্ট নজরুল ইসলামকে। কার্টুন, ক্যারিকেচার ও অ্যানিমেশন—এই তিনটি বিভাগে প্রদর্শনী চলছে। অংশগ্রহণকারী কার্টুনিস্টরা হলেন: আহসান হাবীব, আসিফুল হুদা, নজরুল ইসলাম, মেহেদী হক, আবু হাসান প্রমুখ। প্রদর্শনী চলবে ১৯ নভেম্বর পর্যন্ত।