
সাজসজ্জায় উৎসবের রং। সড়কে সড়কে ব্যানার, ফেস্টুন; তাতে ১৬তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীর সংবাদ। জাতীয় চিত্রশালার সব কটি কক্ষে প্রদর্শনীর আয়োজন। ১৯৮১ সাল থেকে দুই বছর অন্তর অনুষ্ঠিত হয়ে আসছে দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী। সেই ধারাবাহিকতায় গতকাল সোমবার থেকে শুরু হয়েছে ১৬তম প্রদর্শনী। এ প্রদর্শনী ঘিরে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ভ্রমণসহ রয়েছে নানা আয়োজন। সব মিলিয়ে শহরে উৎসবের আমেজে। কিন্তু এই উৎসবমুখর আয়োজনটি গতকাল হয়ে উঠেছিল শোকের। এই শোকের নাম কাইয়ুম চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি থাকবেন, এমনটাই কথা ছিল। আয়োজনের পরিকল্পনা, প্রস্তুতি থেকে শুরু করে পোস্টার, নিমন্ত্রণপত্র—সবকিছুতেই তাঁর ছোঁয়া আছে। কিন্তু দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীর উদ্বোধনের মাত্র কয়েক ঘণ্টা আগে তিনি চলে গেলেন না-ফেরার দেশে। জাতীয় চিত্রশালায় মূল প্রবেশপথে তিনি এসেছিলেন ছবি হয়ে। যে প্রদর্শনীটি শুরু হওয়ার কথা ছিল রঙিন ফিতা কেটে, সেটি শুরু হলো কাইয়ুম চৌধুরীর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা জানিয়ে। এর আগে সকালে জাতীয় নাট্যশালায় আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়। পুরস্কার দেওয়া হয়।
গতকাল সকালে একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মাসব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রদর্শনীর উদ্বোধনীতে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। প্রদর্শনীর প্রতিবেদন প্রকাশ করেন জুরিবোর্ডের সভাপতি শিল্পী হাশেম খান। এতে স্বাগত বক্তব্য দেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী।
উদ্বোধনী অনুষ্ঠানে গ্র্যান্ড অ্যাওয়ার্ড ও সম্মানসূচক অ্যাওয়ার্ড—এই দুই ক্যাটাগরিতে নয়জন চিত্রশিল্পীকে পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে গ্র্যান্ড অ্যাওয়ার্ড পাওয়া তিনজনকে দুই লাখ টাকা, মেডেল ও ক্রেস্ট দেওয়ার পাশাপাশি সম্মানসূচক পুরস্কারপ্রাপ্ত ছয়জনকে ৫০ হাজার টাকা, মেডেল ও ক্রেস্ট তুলে দেন অর্থমন্ত্রী। গ্র্যান্ড অ্যাওয়ার্ড পাওয়া শিল্পীরা হলেন বাংলাদেশের গুলশান হোসেন, মোহাম্মদ আবদুল মোমেন ও কাতারের হেসা আহমেদ কাল্লা। সম্মানসূচক পুরস্কার পাওয়া শিল্পীরা হলেন ওমানের হামেদ আল জাবেরি ও ফখরিয়া আল ইয়াহিয়া, বাংলাদেশের নুরুল আমিন, কামরুজ্জামান স্বাধীন, মাইনুল ইসলাম ও বিশ্বজিৎ গোস্বামী। মাসব্যাপী এই প্রদর্শনী উপলক্ষে এর আগে বাংলাদেশ ডাক বিভাগের স্মারক ডাকটিকিটের উন্মোচন করেন অর্থমন্ত্রী। এ ছাড়া উপস্থিত ছিলেন চিত্রশিল্পী হাশেম খান, ডাক বিভাগের মহাপরিচালক নায়েব দেলোয়ার হোসেন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চারুকলা বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) মোহাম্মদ আনোয়ার হোসেন, কবি ও স্থপতি রবিউল হুসাইন প্রমুখ।
প্রদর্শনীর উদ্বোধন শেষে জাতীয় চিত্রশালা ভবনের মূল প্রবেশপথে সদ্যপ্রয়াত শিল্পী কাইয়ুম চৌধুরীর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন অতিথিরা।
মাসব্যাপী এ প্রদর্শনীতে বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাহরাইন, ভুটান, ব্রুনাই, চীন, পূর্ব তিমুর, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, জাপান, কুয়েত, কাজাখস্তান, লেবানন, মিয়ানমার, নেপাল, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন, ফিলিপাইন, কাতার, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, সিরিয়া, থাইল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাতসহ ৩০টি দেশ এই প্রদর্শনীতে নিয়েছে। ১০৪ জন শিল্পীর ২০৪টি শিল্পকর্ম দিয়ে সাজানো হয়েছে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর অংশগ্রহণের এই প্রদর্শনী।
এশিয়ার সবচেয়ে বৃহৎ এই প্রদর্শনী উপলক্ষে ব্রোশিউর ও পোস্টার মুদ্রণ করা হয়েছে। প্রদর্শনীটিকে উৎসবমুখর ও দৃষ্টিনন্দন করার জন্য জাতীয় প্রেসক্লাবের কদম ফোয়ারা থেকে শাহবাগ পর্যন্ত এবং ঢাকা শহরের বিভিন্ন স্থান সাজানো হয়েছে। ৩১ ডিসেম্বর শেষ হবে মাসব্যাপী এ প্রদর্শনী। প্রদর্শনীতে অংশগ্রহণকারী বিদেশি শিল্পী, শিল্প সমালোচক ও জুরি কমিটির সদস্যরা জাতীয় স্মৃতিসৌধ, শহীদ মিনার, লালবাগ কেল্লা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট ও বাংলাদেশ জাতীয় জাদুঘর পরিদর্শন করবেন।
প্রদর্শনীকে আকর্ষণীয় করে রাখার উদ্দেশ্যে প্রতিদিন বিকেলে প্রদর্শনীস্থলে বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনার ব্যবস্থা রাখা হয়েছে।
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধবিষয়ক চিত্র প্রদর্শনী উদ্বোধন
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধবিষয়ক বিরল চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন। গতকাল সোমবার বিকেলে রাজধানীর বিজয়সরণি এলাকায় সামরিক জাদুঘর মাঠে এ প্রদর্শনীর উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
প্রদর্শনীতে ১৯৫২ থেকে ১৯৭১ সালের স্বাধীনতা অর্জন পর্যন্ত উল্লেখযোগ্য ইতিহাসসংবলিত ১২৫টি স্থির ও ভিডিওচিত্র প্রদর্শিত হচ্ছে। অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, নৌপ্রধান ভাইস অ্যাডমিরাল মোহাম্মদ ফরিদ হাবিব, বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল এনামুল বারী এবং সামরিক-বেসামরিক কর্মকর্তা ছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোজাম্মেল হক বলেন, ‘এ ধরনের অনুষ্ঠানে থাকতে পেরে আমি গর্বিত। এ প্রদর্শনী বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ে সঠিক ইতিহাস জানতে সহায়ক ভূমিকা পালন করবে।’
মন্ত্রী বলেন, এ কে খন্দকার মুক্তিযুদ্ধবিষয়ক একটি বইতে লিখেছেন, বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার মতো কোনো প্রস্তুতি নাকি ছিল না। এ তথ্য ভুল। মন্ত্রী ১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত ইতিহাসের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার মতো বঙ্গবন্ধুর সর্বোচ্চ প্রস্তুতি ছিল। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে এ কে খন্দকারের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
বক্তব্যের পর চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন মন্ত্রী। এ কর্মসূচির মাধ্যমে বর্তমান প্রজন্মের কাছে বিজয়ের মাসের তাৎপর্য এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা হচ্ছে বলে জানায় আয়োজক কর্তৃপক্ষ। ১৮ ডিসেম্বর পর্যন্ত এ প্রদর্শনী জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।