
‘কবিতা স্বপ্ন, চেতনা ও প্রত্যয়ের কথা বলে। যখন সেটা আঘাতপ্রাপ্ত হয়, তখন কবিরাই হয়ে ওঠে প্রতিবাদী। অনেকে হয়তো ভাববেন, কবিতার সঙ্গে সংগ্রামের কী সম্পর্ক? আমি বলব, কবিতা মানবতার কথা বলে। মানবতাকে জাগিয়ে তুলতে ভূমিকা রাখেন কবিরা।’
দুদিনব্যাপী জাতীয় কবিতা উৎসবের উদ্বোধন করতে গিয়ে কথাগুলো বলেন সৈয়দ শামসুল হক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে শুরু হয়েছে কবিদের এই মিলনমেলা। গতকাল সোমবার সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন, শিল্পী কামরুল হাসানের সমাধি ও কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা জানিয়ে শুরু হয় এই উৎসব। ‘কবিতা মৈত্রীর কবিতা শান্তির’ স্লোগান নিয়ে ৩০তম উৎসবটি উৎসর্গ করা হয়েছে কবি ও ভাষাসংগ্রামী তোফাজ্জল হোসেনকে। সকালে লাইব্রেরি চত্বরে জাতীয় পতাকা ও উৎসব পতাকা উত্তোলন, জাতীয় সংগীত ও উৎসব সংগীতের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের মূল অনুষ্ঠান। এরপর জাতীয় কবিতা পরিষদ আয়োজিত উৎসবের ঘোষণাপত্র পাঠ করেন কবি হাবীবুল্লাহ সিরাজী। বক্তব্য দেন উৎসবের আহ্বায়ক কবি রবিউল হুসাইন, যুগ্ম আহ্বায়ক কবি কাজী রোজী ও পরিষদের সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত।
জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্প, সংস্কৃতি ও রাজনৈতিক অঙ্গনে অবদান রেখে যাঁরা প্রয়াত হয়েছেন, তাঁদের স্মরণ করে শোক প্রস্তাব পাঠ করেন কবি আমিনুর রহমান সুলতান।
সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত কবি রফিক আজাদের চিকিৎসার জন্য জাতীয় কবিতা পরিষদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।
উদ্বোধনী পর্ব শেষে বেলা সাড়ে ১১টায় অনুবাদক ফকরুল আলমের সভাপতিত্বে মুক্ত আলোচনায় অংশ নেন বাংলাদেশ, ভারত, সুইডেন, নরওয়ে, স্লোভাকিয়া, মরক্কো, তাইওয়ান, নেপালের আমন্ত্রিত কবি-লেখক-প্রতিনিধিরা।
দ্বিতীয় পর্বে বেলা একটা থেকে কবিতা পাঠ করেন নিবন্ধিত কবিরা; তৃতীয় পর্বে বেলা তিনটায় অংশ নেন অন্য ভাষার কবিরা; চতুর্থ পর্বে বিকেল পাঁচটায় ছিল আমন্ত্রিত কবিদের কবিতা পাঠ, পঞ্চম পর্বে সন্ধ্যা সাড়ে ছয়টায় ছিল ভারত থেকে আমন্ত্রিত কবিদের কবিতা পাঠ।
আবৃত্তি পর্বে নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদারের সভাপতিত্বে রাত আটটায় আমন্ত্রিত অতিথি আবৃত্তিশিল্পীরা আবৃত্তি করেন।