শুরু হলো জাতীয় নৃত্যনাট্য উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় জাতীয় নাট্যশালায় গতকাল পরিবেশিত নৃত্যনাট্য নকশী কাঁথার মাঠ–এর একটি দৃশ্য l ছবি: প্রথম আলো
ঢাকায় জাতীয় নাট্যশালায় গতকাল পরিবেশিত নৃত্যনাট্য নকশী কাঁথার মাঠ–এর একটি দৃশ্য l ছবি: প্রথম আলো

কার্তিক শেষ হলো কাল। আজ অগ্রহায়ণের প্রথম দিন। শীতের আগমনী বার্তা এখন রাজধানীর আকাশে-বাতাসে। এমন আবহাওয়ায় গতকাল সন্ধ্যায় সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মিলনায়তন নিক্বণধ্বনিতে জমে উঠেছিল। এখানে শুরু হয় নয় দিনের দ্বিতীয় জাতীয় নৃত্যনাট্য উৎসব।
সোমবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির মূল হলে উৎসবের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী সমাজ রক্ষা, উন্নয়ন, মানবিক গুণাবলি বিকাশের জন্যও নৃত্যনাট্য চর্চার গুরুত্ব রয়েছে বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘সংস্কৃতির নানা মাধ্যমের মধ্যে নৃত্যনাট্য একটি শক্তিশালী মাধ্যম, যা নানা শিক্ষা দেয়। এই মাধ্যম থেকে রস আস্বাদন করে আমরা সমৃদ্ধ হতে পারি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সংস্কৃতিসচিব আকতারী মমতাজ। আরও বক্তব্য দেন নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, প্রবীণ নৃত্যশিল্পী রাহিজা খানম ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক। সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী। রাহিজা খানম সংস্কৃতি খাতে বাজেটের অপ্রতুলতার দিকটি তুলে ধরে বলেন, ‘বাজেটের জন্য আমরা অনেক ভালো কাজ করতে চেয়েও পারি না।’ তার কথার সূত্র ধরে সংস্কৃতি খাতে সরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানোর দাবি জানান নাসির উদ্দীন ইউসুফ। জাতীয় উৎসবগুলো কেন্দ্রীয়ভাবে হওয়ার চেয়ে সারা দেশের স্কুল-কলেজে হওয়াই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
উদ্বোধন ও বক্তৃতাপর্ব শেষে ফারহানা চৌধুরীর পরিচালনায় বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস পরিবেশন করে নৃত্যনাট্য নকশী কাঁথার মাঠ।