শুরু হলো জাতীয় পিঠা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদিকে পিঠা খাওয়া, কেনা ও বানানোর ধুম। অন্যদিকে উন্মুক্ত মঞ্চের সাংস্কৃতিক আয়োজন উৎসবকে করে তোলে প্রাণবন্ত। নয় দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধনী দিনের চিত্র ছিল এটি। ভিন্ন ধরনের এক শৈল্পিক আমেজ বিরাজমান ছিল গতকাল উৎসবের উদ্বোধনীতে।
পিঠা বাঙালির জাতীয় ঐতিহ্য ও পরিচয় বহন করে। যান্ত্রিক সভ্যতার এই ইটকাঠের নগরে হারিয়ে যেতে বসেছে পিঠার ঐতিহ্য। ঐতিহ্য পুনরুদ্ধারে বরাবরের মতো শিল্পকলা একাডেমীতে শুরু হয়েছে নয় দিনব্যাপী ‘জাতীয় পিঠা উৎসব ১৪২১’। পায়রা ও রংবেরঙের বেলুন উড়িয়ে এবারের এই উৎসবের উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।
জাতীয় পিঠা উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি ম. হামিদের সভাপতিত্বে উৎসবের উদ্বোধনীতে আলোচক ছিলেন নাট্যজন রামেন্দু মজুমদার, আতাউর রহমান, জাতীয় কবিতা পরিষদের সভাপতি হাবীবুল্লাহ সিরাজী, গণসংগীতশিল্পী ফকির আলমগীর, নৃত্যশিল্পী আমানুল হক প্রমুখ। স্বাগত বক্তব্য দেন উৎসব উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম।
বিভিন্ন নামের প্রায় ৫০টি স্টল দিয়ে সাজানো হয়েছে এই উৎসব। উৎসবে দেশের প্রায় সব জেলার পিঠার স্টলই রয়েছে। প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে উৎসবের কার্যক্রম।
গতকাল উৎসবের উদ্বোধনী আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শিল্পীরা। ভাওয়াইয়া শিল্পী সফিউল আলমের ভাওয়াইয়া গানের পরিবেশনা দিয়ে শুরু হওয়া উদ্বোধনী দিনের সাংস্কৃতিক কার্যক্রম চলে রাত নয়টা পর্যন্ত।
২৭ জানুয়ারি শেষ হবে নয় দিনব্যাপী এই পিঠা উৎসব। উৎসবের শেষ দিন পাঁচজন সেরা পিঠাশিল্পীকে পুরস্কৃত করা হবে।