
বছরের মাঝামাঝি এসে বাংলা একাডেমির সবুজ চত্বর যেন নতুন করে প্রাণ পেল। গতকাল একাডেমির বর্ধমান হাউসের সামনে শুরু হলো জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত ‘ঢাকা বইমেলা’। সর্বশেষ ২০১০ সালে আয়োজন করা হয়েছিল এ মেলা।
মঙ্গলবার বিকেলে একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এ মেলার উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুবা মশকুরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি অসীম সাহা। এ ছাড়া বক্তব্য দেন বাংলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক ও সচিব আলতাফ হোসেন এবং জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গনি। ধন্যবাদ জানান গ্রন্থকেন্দ্রের সচিব অসীম কুমার দে।
সপ্তাহব্যাপী এ মেলার উদ্বোধন করে মন্ত্রী বলেন, ‘মেলাটি আজ অবধি তার নিজস্ব চরিত্রে উপস্থাপিত হতে পারেনি। গ্রন্থমেলাটির কোনো ধারাবাহিকতা নেই। মাঝে দীর্ঘ বিরতি দিয়ে আবার যাত্রা শুরু করল। এটা আমাদের ব্যর্থতা।’ এর নেপথ্যে সংস্কৃতি মন্ত্রণালয় ও আয়োজক সংস্থা জাতীয় গ্রন্থকেন্দ্রের ব্যর্থতার কথাও স্বীকার করেন সংস্কৃতিমন্ত্রী। তবে আশার বাণী উচ্চারণ করে তিনি বলেন, ভবিষ্যতে সুপরিকল্পিতভাবে এ মেলার আয়োজন করা হবে। বইমেলাটি আন্তর্জাতিক মেলায় পরিণত না হওয়ার আক্ষেপ করে তিনি বলেন, ‘সারা পৃথিবীতে বই নিয়ে যে কর্মপ্রবাহ চলছে, সেটা আমরা দেশের মানুষের কাছে তুলে ধরতে ব্যর্থ হচ্ছি। বিশ্বের সঙ্গে আমাদেরও সমানতালে এগিয়ে যেতে হবে।’
মন্ত্রীর সরল স্বীকারোক্তির প্রমাণ মিলল এবারের আয়োজনেও। উদ্বোধনের পরও ঠিক কত কমিশনে বই বিক্রি করবে, তা নির্ধারণ করে দিতে পারেনি গ্রন্থকেন্দ্র। পরে সংবাদকর্মীরা জানতে চাইলে প্রকাশক এবং আয়োজক মিলে ২৫ শতাংশ মূল্যছাড়ে মেলায় বই বিক্রির ঘোষণা দেন।
বাংলা একাডেমির বর্ধমান ভবনের পাশে উন্মুক্ত স্থানে শামিয়ানা টানিয়ে তৈরি করা হয়েছে মেলার স্টল। ছয়টি সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে অংশ নিয়েছে জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির অংশভুক্ত ৬৮টি প্রকাশনা প্রতিষ্ঠান। সব মিলিয়ে মেলায় ঠাঁই পেয়েছে ৭৪টি স্টল। সপ্তাহব্যাপী মেলা শেষ হবে ১৫ জুন। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকবে।