
বঙ্গবন্ধুও অভিনয় করেছিলেন একটি পথনাটকে। সেটা ১৯৫৪ সালের কথা। আলতাফ মাহমুদের নির্দেশনায় আরমানিটোলা মাঠে কিষানের পালা নামে একটি গীতিছায়া নাট্যে অভিনয় করেছিলেন বঙ্গবন্ধু, অলি আহাদ ও আতাউর রহমান খান।
বলছিলেন পথনাটক উৎসবের উদ্বোধক নাসির উদ্দীন ইউসুফ।
গতকাল মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে সাত দিনের পথনাটক উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে গীত হয় জাতীয় সংগীত, দেশ স্বাধীনের প্রথম গান ‘বিজয় নিশান উড়ছে ওই’। ‘গেরিলা আমরা আমরা গেরিলা’ গানের সঙ্গে ছিল নৃত্য। পরিবেশন করে সাংস্কৃতিক সংগঠন বহ্নিশিখা। বাংলাদেশ পথনাটক পরিষদের আয়োজনে এ উৎসবে যোগ দেবে সারা দেশ থেকে আসা নাট্যদল।
পরিষদের সভাপতি মান্নান হীরার সভাপতিত্বে উৎসবের উদ্বোধন করেন আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সভাপতি মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ। বক্তৃতা করেন ফকির আলমগীর, আবু সাঈদ খান, ঝুনা চৌধুরী, হাসান আরিফ, আহকাম উল্লাহ, মিজানুর রহমান।
মান্নান হীরা বলেন, ‘শুধু উৎসবে নাটক করার জন্য আমরা পথনাটক শুরু করিনি। দিবসভিত্তিক নাটক চর্চার বাইরে এসে পথনাটককে দৈনন্দিন কাজ হিসেবে করতে হবে।’
স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক আহাম্মেদ গিয়াস। উৎসবের ঘোষণাপত্র পাঠ করেন নির্বাহী পরিষদের সদস্য রতন সিদ্দিকী। অনুষ্ঠানে মোড়ক উন্মোচন করা হয় মান্নান হীরার তিনটি পথনাটক নিয়ে বই পথনাটক ট্রিলজির। উৎসবের উদ্বোধনের পর পদাতিক নাট্য সংসদের (টিএসসি) নাটক স্বাধীনতার সংগ্রাম, সাত্ত্বিক নাট্য সম্প্রদায়ের দোআনির বাজার ও গাজীপুরের মুক্তমঞ্চ নাট্য সম্প্রদায়ের মূকাভিনয় গাছ লাগান পরিবেশ বাঁচান পরিবেশিত হয়।