শুরু হলো বিউটি সার্কাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়া আহসান
জয়া আহসান

শীত করছিল তাঁর। মাঘ মাস বলে কথা, নওগাঁর সাপাহারে তাই এখনো কুয়াশা নামে। সেখান থেকে ফোনে কথা বললেন অভিনেত্রী জয়া আহসান। দিন তিনেক হলো নতুন ছবির শুটিংয়ে গেছেন সেখানে। প্রতিশ্রুতিশীল এক তরুণ নির্মাণ করতে যাচ্ছেন জীবনের প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি। সেই স্বপ্নযাত্রার সহযাত্রী হয়েছেন সাম্প্রতিক বাংলা ছবির আলোচিত এই অভিনেত্রী।
দ্বিধাদ্বন্দ্বে এত দিন ছবিটি নিয়ে মুখ খোলেননি জয়া। ক্যামেরার মুখে দাঁড়িয়ে নিশ্চিত করলেন ছবির নাম। বিউটি সার্কাস ছবিতে কাজ করছেন তিনি। হাতি-ঘোড়া জোগাড়যন্ত্রে কোনো কমতি রাখেননি পরিচালক মাহমুদ দিদার। এ তো টেলিভিশনের জন্য বানানো নাটক নয়। বড় পর্দার জন্য কাজ, তারও চেয়ে বড় শুটিংয়ের আয়োজন। সেসব ভাবতেই বুকের ভেতরটা চাঞ্চল্য আর রোমাঞ্চে ভরে উঠছে তাঁর। সৌভাগ্যবান এই তরুণের প্রথম ছবিতেই কাজ করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফেরদৌস, তৌকীর আহমেদ ও গাজী রাকায়েত।
শুটিংয়ের আয়োজনে সন্তুষ্ট জয়া আহসান বললেন, ‘বৈরী অবস্থার মধ্যেও আয়োজনের কমতি রাখেননি পরিচালক। এখন শুধু ক্যামেরায় সবকিছু তুলে আনা, গল্পটা সুন্দর করে বলার অপেক্ষা। ছবিতে আমি সার্কাসের একজন পারফরমার এবং দলের মালিক।’ জয়া আহসানের চোখে ছবির সেট ‘অসাধারণ’। পরিচালকের বিরাট আকাঙ্ক্ষার প্রতিফলন এটি। জয়ার ভাষায়, ‘এত বড় সেট আমাদের ফিল্মে অনেক দিন পর দেখলাম। একে তো অনুদানের ছবি, সেও আবার বিষয়ভিত্তিক, ভালো।’
ফেসবুকে একটি পোস্ট লিখে শুটিংয়ে চলে গিয়েছিলেন দিদার। মুঠোফোনে জানালেন, সার্কাস পরিবেশকেরা প্রস্তুত, অভিনয়শিল্পীদের মধ্যে আরও আছেন এ বি এম সুমন। বললেন, ‘কাজ শুরু করাটা জরুরি ছিল, করলাম। লড়াইয়ের সূচনা হলো।’ প্রথম কিস্তির শুটিংয়ের জন্য দলটি নওগাঁ থাকবে আরও কিছুদিন।