শুরু হলো সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত অনুষ্ঠানমালার দ্বিতীয় দিন ছিল গতকাল। এদিন স্বাগত বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারোয়ার আলী। দলীয় আবৃত্তি পরিবেশন করে সংবৃতা আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্র। গান গেয়ে শোনান শারমিন সাথী ইসলাম। এরপর ছিল দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ও মানিকনগর আইডিয়াল স্কুল পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান। সত্যেন সেন শিল্পীগোষ্ঠী পরিবেশন করে দলীয় সংগীত। সফদার হাশমির রচনা ও কানিজ ফাতেমার নির্দেশনায় এরপর ছিল পথনাটক সম্প্রীতির সন্ধানে।
বুধবার ‘মানবাধিকার দিবস থেকে বিজয় দিবস’ শিরোনামে আয়োজিত সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার প্রথম দিনে শিশু-কিশোরদের পদচারণে মুখরিত হয়ে উঠেছিল মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণ। লাল-নীল আলোয় রঙিন মঞ্চে চলছিল ধ্রুপদ কলাকেন্দ্রের শিল্পীদের নৃত্য। অনুষ্ঠানের শুরু হয় ছায়ানটের শিল্পী শেমন্তীর গান দিয়ে। প্রথম দিন অন্যান্য আয়োজনের মধ্যে ছিল কথা আবৃত্তিচর্চা কেন্দ্রের আবৃত্তি, প্রবীর দত্তের রচনা ও রফিকুল ইসলামের নির্দেশনায় পথনাটক, সাংস্কৃতিক সংগঠন আনন্দনের পরিবেশনা। এ ছাড়া তেওগাঁও কলেজ, আনন্দ ও মানিকনগর মডেল হাই স্কুলের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
বিকেল সাড়ে চারটায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী। অতিথি বক্তা ছিলেন চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন।