শুরু হলো আমার ভাষার চলচ্চিত্র উৎসব
ভাষাশহীদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ প্রতিবছর ফেব্রুয়ারি মাসে ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব’-এর আয়োজন করে। এ বছর উত্সবের ১৩তম আসর বসেছে ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪১৯’ শিরোনামে।এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের তথ্য ও গবেষণা সম্পাদক নাবীল আল জাহান জানান, মূল উৎসব শুরু হয়েছে ২৩ ফেব্রুয়ারি শনিবার, চলবে ২৮ তারিখ পর্যন্ত। ছয় দিনে দুই বাংলার মোট ২৪টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে প্রতিদিন সকাল ১০টায়, বেলা একটায়, বিকেল চারটায় এবং সন্ধ্যা সাড়ে ছয়টায় ছবিগুলো দেখানো হবে। উত্সবের প্রথম দিনে প্রদর্শিত হয়েছে নাসির উদ্দীন ইউসুফের ‘গেরিলা’, সত্যজিৎ রায়ের ‘চারুলতা’, হুমায়ূন আহমেদের ‘ঘেটুপুত্র কমলা’ এবং সতীশ কৌশিকের ‘ভূতের ভবিষ্যৎ’। আজ রোববার প্রদর্শিত হচ্ছে ‘আবার ব্যোমকেশ’, ‘জীবন সংসার’, ‘তিন কন্যা’ ও ‘কমন জেন্ডার’। আগামীকাল দেখানো হবে ‘আবির্ভাব’, ‘খেলা’, ‘এমিলের গোয়েন্দা বাহিনী’ ও ‘হেমলক সোসাইটি’।