শুরু হলো উদীচীর সাংস্কৃতিক সম্মেলন

লাখো শহীদের রক্ত ঋণ শোধ করার আহ্বান জানিয়ে শুরু হয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর জাতীয় সাংস্কৃতিক সম্মেলন। আজ বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ‘শহীদ স্মরণে আপন মরণে, রক্ত ঋণ শোধ কর, শোধ কর’-স্লোগান নিয়ে আয়োজিত তিন দিনের এ সম্মেলন উদ্বোধন করেন বৃহত্তর চট্টগ্রামের প্রখ্যাত লোকশিল্পী আমান উল্লাহ গায়েন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অধ্যাপক শান্তনু কায়সার এবং গণজাগরণ মঞ্চের অন্যতম কর্মী রাজীব হায়দার শোভন-এর বাবা নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন।
উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক প্রবীর সরদার। আর শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক শংকর সাঁওজাল।
উদ্বোধনী পর্বে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়তে সাংস্কৃতিক সংগ্রামের বিকল্প নেই। দেশের আবহমান সংস্কৃতির সংরক্ষণ এবং এর প্রতি নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার মাধ্যমেই সত্যিকারের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ সময় সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বাউলদের ওপর হামলা, যাত্রাপালায় বোমা হামলা প্রভৃতি ঘটনার নিন্দা জানিয়ে উদীচীর সভাপতি কামাল লোহানী অবিলম্বে এ সব অপরাধের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
উদ্বোধন ঘোষণার পর দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী গণসংগীত নিয়ে একটি আলেখ্যানুষ্ঠান পরিবেশন করেন উদীচীর শিল্পী-কর্মীরা। এরপর ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা। সারা দেশ থেকে আগত উদীচীর শিল্পী-কর্মীদের উচ্ছল অংশগ্রহণে মুখরিত শোভাযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে টিএসসি-শাহবাগ হয়ে আবার শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এরপর সন্ধ্যায় শুরু হয় উদীচীর বিভিন্ন জেলা ও শাখা সংসদ থেকে আসা শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা। এসব পরিবেশনায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং কৃষ্টিকে তুলে ধরা হয়।

আমান উল্লাহ গায়েনের অসাধারণ পরিবেশনা দিয়ে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। এরপর একে একে মঞ্চে নানা পরিবেশনা তুলে ধরেন উদীচীর সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, গোপালগঞ্জ, বান্দরবান এবং অন্যান্য শাখার শিল্পী-কর্মীরা। উদীচী সিলেটের লাখ্যাতুরা চা বাগান শাখার শিল্পীরা পরিবেশন করেন চা বাগানের গান। যুদ্ধাপরাধীদের বিচারের দাবির পাশাপাশি সুন্দরবন রক্ষার দাবি নিয়ে বিভিন্ন গান পরিবেশন করেন তাঁরা। বান্দরবান জেলার শিল্পীরা পরিবেশন করেন আদিবাসী নৃত্য। নরসিংদী উদীচীর শিল্পীরা পরিবেশন করেন জারি গান। এ ছাড়া, দলীয় সংগীত পরিবেশন করেন ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর ও গোপালগঞ্জের কোটালীপাড়া শাখার শিল্পীরা। গীতি নৃত্যনাট্য পরিবেশন করেন গোপালগঞ্জ জেলার শিল্পীরা।

সম্মেলনের দ্বিতীয় দিন আগামীকাল ১৮ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে “দক্ষিণ এশিয়ায় সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদ বিরোধী সাংস্কৃতিক সংগ্রাম” বিষয়ক সেমিনার। এতে আলোচক হিসেবে থাকবেন অধ্যাপক ড. শফিউদ্দিন আহমেদ, সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো, প্রগতি লেখক সংঘের কার্যকরী সভাপতি কবি গোলাম কিবরিয়া পিনু, কেন্দ্রীয় খেলাঘর আসরের নেতা ডা. লেনিন চৌধুরী এবং উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি হাবিবুল আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন উদীচীর কেন্দ্রীয় সহসভাপতি অধ্যাপক বদিউর রহমান।
সেমিনারটি সঞ্চালনা করবেন উদীচীর সাধারণ সম্পাদক প্রবীর সরদার। আর এ পর্বটি সভাপতিত্ব করবেন উদীচীর কেন্দ্রীয় সভাপতি কামাল লোহানী। এরপর সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক পরিবেশনা। এ ছাড়া, তৃতীয় ও শেষ দিন ১৯ ডিসেম্বর সন্ধ্যায়ও গান, নাচ, আবৃত্তি, নাটক ও নৃত্যনাট্যসহ নানা বৈচিত্র্যময় পরিবেশনা নিয়ে মঞ্চে উপস্থিত থাকবেন উদীচীর বিভিন্ন জেলা ও শাখা সংসদ থেকে আগত শিল্পীরা।