শুরু হলো উদীচী'র ২০ তম জাতীয় সম্মেলন

‘জনতার ঐক্য দানবের দম্ভ ভাঙবেই’ স্লোগান নিয়ে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে উদীচী শিল্পীগোষ্ঠীর ২০তম জাতীয় সম্মেলন। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদ বেদিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলনের আনুষ্ঠানিকতা।
সম্মেলনের শুরুতে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। বর্তমান বাংলাদেশের নানা প্রেক্ষাপটকে কেন্দ্র করে উদীচী’র কেন্দ্রীয় সংসদের সহসভাপতি শংকর সাওজালের গ্রন্থনা ও নির্দেশনায় অসাধারণ পরিবেশনা তুলে ধরেন উদীচী’র শিল্পী-কর্মীরা। শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত হাজারো দর্শক মুগ্ধ হয়ে উপভোগ করেন উদীচী’র পরিবেশনা।
উদ্বোধনী পরিবেশনা শেষে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ভাষা সংগ্রামী এবং ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত প্রথম শহীদ মিনারের অন্যতম রূপকার সাঈদ হায়দার। উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপু। এ সময় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন সাঈদ হায়দার এবং সংগঠনের পতাকা উত্তোলন করেন উদীচী’র সভাপতি কামাল লোহানী।

উদ্বোধনী পর্ব শেষে ছিল শোভাযাত্রা। সারা দেশ থেকে আগত উদীচী’র কয়েক হাজার শিল্পী-কর্মীর অংশগ্রহণে শোভাযাত্রায় তিনটি বিষয়ের ওপর প্রাধান্য দিয়ে সাজসজ্জা করা হয়। সুন্দরবনের কাছেই রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধের দাবি, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু ও অন্যান্য অমুসলিম সম্প্রদায়ের ওপর সাম্প্রদায়িক হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জসহ পাহাড়ে ও সমতলে আদিবাসী জনগোষ্ঠীর ওপর অত্যাচার-নির্যাতনের প্রতিবাদ জানিয়ে নানা ব্যানার, ফেস্টুন, প্রতিকৃতি ও সৃজনশীল বিভিন্ন বিষয় প্রদর্শন করা হয় শোভাযাত্রায়।
এরপর বিকেল ৫টায় শুরু হয় উদ্বোধনী আলোচনা অনুষ্ঠান। এ পর্বের শুরুতে স্বাগত বক্তব্য দেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক প্রবীর সরদার। উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানীর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপু। এ পর্বটি সঞ্চালনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার।

উদীচী’র ২০ তম জাতীয় সম্মেলনের তিন দিনব্যাপী অনুষ্ঠানসূচি অনুযায়ী, আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত কাজী বশির মিলনায়তন (ঢাকা মহানগর নাট্যমঞ্চ)-এ চলবে সম্মেলনের সাংগঠনিক অধিবেশন। ২৪ ডিসেম্বর বিকেলে পরবর্তী দুই বছরের জন্য নতুন কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচন এবং নতুন নেতৃত্বের শপথ গ্রহণের মধ্য দিয়ে শেষ হবে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ২০ তম জাতীয় সম্মেলনের অনুষ্ঠানমালা।