শুরু হলো ঐতিহ্যের বই উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রকাশনা সংস্থা ঐতিহ্যের ১৩ বছর পূর্তিতে গতকাল শনিবার সকালে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের উন্মুক্ত প্রাঙ্গণে শুরু হলো মাসব্যাপী বই উৎসব। এ উৎসবে ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ ছাড়।

উৎসবের প্রথম দিন ভালো সাড়া পাওয়া গেছে বলে জানান ঐতিহ্যের প্রধান নির্বাহী আরিফুর রহমান। তিনি বলেন ‘ঐতিহ্য এ পর্যন্ত নয় শতাধিক বই প্রকাশ করেছে। উৎসবে এসব বইয়ের ওপর রয়েছে ২৫% থেকে ৬০% পর্যন্ত মূল্য ছাড়। মজুত থাকা সাপেক্ষে আগে এলে আগে পাবেন ভিত্তিতে পাঠকেরা এই ছাড় পাবেন।’ উৎসব চলবে ৭ জুলাই পর্যন্ত। প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত বই বিক্রি হবে।

মানুষ মানুষের জন্য

সাভারে ভবনধসে আহত ব্যক্তিদের চিকিৎসার অর্থায়নে এবং নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গতকাল থেকে গ্যালারি চিত্রকে শুরু হয়েছে বিশেষ চিত্রকলা প্রদর্শনী ‘মানুষ মানুষের জন্য’। দেশের ৩০ জন বরেণ্য শিল্পীর শিল্পকর্ম স্থান পেয়েছে এ প্রদর্শনীতে।

শনিবার সন্ধ্যায় সপ্তাহব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি অঞ্জন চৌধুরী ও মনিরা মুন্নী চৌধুরী। এ সময় গ্যালারি চিত্রকের নির্বাহী পরিচালক শিল্পী মনিরুজ্জামান উপস্থিত ছিলেন। প্রদর্শনীর শিল্পকর্ম বিক্রির সমুদয় অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে চারুশিল্পীদের পক্ষ থেকে দেওয়া হবে।

প্রদর্শনীতে খ্যাতনামা ৩০ জন শিল্পীর একটি করে চিত্রকর্ম স্থান পেয়েছে। শিল্পীরা হলেন সফিউদ্দীন আহমেদ, কাইয়ুম চৌধুরী, মুর্তজা বশীর, সৈয়দ জাহাঙ্গীর, সমরজিৎ রায়চৌধুরী, হাশেম খান, রফিকুন নবী, মনিরুল ইসলাম, শহীদ কবির, হামিদুজ্জামান খান, সৈয়দ আবুল বার্ক আলভী প্রমুখ। ১৫ জুন পর্যন্ত চলবে এ প্রদর্শনী।

পাঁচ শিল্পীর ছাপচিত্র প্রদর্শনী শুরু

বেঙ্গল গ্যালারির আয়োজনে গতকাল থেকে ‘ঢাকা প্রিন্টমেকার্স’-এর পাঁচ শিল্পীর ‘উত্থানপর্ব’ শীর্ষক ছাপচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। শনিবার সন্ধ্যায় বেঙ্গল শিল্পালয়ে ১২ দিনের এ প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস। প্রদর্শনীর শিল্পীরা হলেন রোকেয়া সুলতানা, আহমদ নাজির, রফি হক, রশিদ আমিন ও মুস্তাফা জামান। প্রদর্শনীতে মোট চিত্রকর্মের সংখ্যা ৪৫টি, চলবে আগামী ১৯ জুন পর্যন্ত।