
‘কবিতা সহে না দানব যাতনা’ স্লোগান সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ২৮তম জাতীয় কবিতা উৎসব। গতকাল শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে দুই দিনব্যাপী এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
জাতীয় পতাকা ও উৎসবের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বার্ষিক এ আয়োজনের উদ্বোধন করেন কবি সৈয়দ শামসুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে সৈয়দ শামসুল হক বলেন, জাতীয় কবিতা উৎসবের শুরু হয়েছিল স্বৈরাচারের বিরোধিতা করে। এরপর বিভিন্ন সময়ে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও মানবতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে এবং শান্তির পক্ষে জাতীয় কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের অন্য বক্তারা বলেন, স্বৈরশাসনের শৃঙ্খলমুক্তির ডাক দিয়ে এ কবিতা উৎসব শুরু হয়েছিল। ভাষা আন্দোলন, স্বাধিকার আন্দোলন, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের সংগ্রামে বাংলাদেশের কবিরা সব সময় প্রগতির পক্ষে অবস্থান নিয়েছেন।
জাতীয় কবিতা উৎসবের সভাপতি হাবিবুল্লাহ সিরাজীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকল্যাণবিষয়ক মন্ত্রী সৈয়দ মহসীন আলী, সংস্কৃতিবিষয়ক সচিব রণজিৎ কুমার বিশ্বাসসহ বিভিন্ন দেশ থেকে আসা কবিরা।