
ভারতবর্ষে মোগলদের রক্তে ছিল তৈমুর লং আর চেঙ্গিস খানের ধারা। তৈমুর বংশের প্রথা ছিল—যাঁর পেশিশক্তি যত বেশি, তলোয়ার যত দীর্ঘ ও ধারালো, মসনদে তাঁর অধিকার। যুগে যুগে দেশে দেশে মসনদ বা রাষ্ট্রক্ষমতা দখলের রাজনীতিতে ধর্মের ব্যবহার, ষড়যন্ত্র—এসব নিয়েই ঐতিহাসিক নাটক আওরঙ্গজেব। এই নাটকসহ তিন মঞ্চে আলাদা তিনটি নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে গতকাল শুরু হয়েছে গঙ্গা-যমুনা নাট্যোৎসব।
কলকাতার অনীক নাট্যদল ১৭ বছর ধরে কলকাতায় আয়োজন করছে গঙ্গা-যমুনা নাট্যোৎসব। গত বছর থেকে বাংলাদেশেও এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এর ধারাবাহিকতায় গঙ্গা-যমুনা নাট্যোৎসব পর্ষদ বাংলাদেশ কমিটির উদ্যোগে গতকাল বুধবার দ্বিতীয়বারের মতো শুরু হলো এই নাট্যোৎসব।
সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় নাট্যোৎসবের উদ্বোধন করেন লেখক সৈয়দ শামসুল হক। উৎসব আহ্বায়ক গোলাম কুদ্দুছের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস, একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী, নাট্যজন মামুনুর রশীদ, অনীক নাট্যদলের প্রধান অমলেশ চক্রবর্তী প্রমুখ। এদিন জাতীয় নাট্যশালায় নাট্যকেন্দ্র দুই যে ছিল এক চাকর, পরীক্ষণ থিয়েটারে প্রাঙ্গণেমোর আওরঙ্গজেব এবং স্টুডিও থিয়েটারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা চাকা মঞ্চস্থ করেন। উৎসবে ভারতের দুটিসহ মোট ১৮টি নাট্যদল অংশ নিচ্ছে। উৎসব চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত।
আজ বৃহস্পতিবার উৎসবের দ্বিতীয় দিন জাতীয় নাট্যশালায় নাগরিক নাট্যাঙ্গনের পুসি বিড়াল ও একজন প্রকৃত মানুষ, পরীক্ষণ থিয়েটারে ঢাকা পদাতিকের পাইচো চোরের কিচ্ছা এবং স্টুডিও থিয়েটারে নাগরিক নাট্যঙ্গন অনসাম্বলের যুগলবন্ধী মঞ্চস্থ হবে।
প্রথমার বইমেলায় ক্রেতার ভিড়
শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের দ্বিতীয় তলার সেমিনারকক্ষে প্রথম প্রকাশনীর একক বইমেলার পঞ্চম দিন ছিল গতকাল বুধবার। গ্রন্থানুরাগীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মেলার পরিবেশ ছিল প্রাণবন্ত। গত শনিবার থেকে শুরু হয়েছে আট দিনের এই মেলা। চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত বইমেলা খোলা থাকবে। শুক্রবার মেলা বন্ধ থাকবে।
গতকাল বিকেলে মেলায় এসেছিলেন কথাশিল্পী আনিসুল হক। তিনি গ্রন্থানুরাগী ক্রেতা-পাঠকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। মেলায় প্রথমা প্রকাশনের বই বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ শতাংশ কমিশনে।
এ ছাড়া প্রথমা বইয়ের দুনিয়ার বেশ কিছু দেশি এবং ভারতীয় বই, সাময়িকী ও লিটল ম্যাগাজিন বিক্রি হচ্ছে শতকরা ৫০ থেকে ৭০ ভাগ কমিশনে।