শুরু হলো গয়্যার ছাপাই চিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পেনের শিল্পী ফ্রান্সিসকো গয়্যা (১৭৪৬-১৮২৮) ছিলেন ছাপাই ছবির অসামান্য স্রষ্টা। তাঁকে আধুনিক চিত্রধারার অন্যতম পথিকৃৎ হিসেবে গণ্য করা হয়। জীবনের নানা দিক রূপায়ণে ও শিল্পনৈপুণ্যে তিনি হয়ে উঠেছিলেন তাঁর সময়ের শ্রেষ্ঠ ভাষ্যকার এবং কুশলী রূপকার। কালজয়ী এই শিল্পীর মৌলিক ছাপাই ছবি নিয়ে বিশেষ প্রদর্শনী শুরু হয়েছে ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে।গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দুই সপ্তাহব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশে স্পেনের রাষ্ট্রদূত লুই তেখাদা শাকন। লুভা নাহিদ চৌধুরীর উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে ইনডিটেক্সের জেনারেল কাউন্সেল আন্তোনিও আবরিল ও বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের বক্তব্য দেন।প্রদর্শনীতে মোট চিত্রকর্মের সংখ্যা ৮৪টি। চিত্রকর্মগুলো রেয়াল অ্যাকাদেমিয়া দ্য বেইয়াজ আর্টেজ দ্য স্যান ফার্নান্দোর সংগ্রহ থেকে সংকলিত। জীবনের প্রতি ভালোবাসা ও ঘৃণা প্রতিফলিত হয়েছে তাঁর চিত্রে। এই অনুভূতি থেকে জন্ম নিয়েছে ব্যতিক্রমী সব চিত্রকর্ম। এসব চিত্রকর্মে কৌতুক, আনন্দ, বিষাদ ও বেদনার প্রাধান্য বিস্তার করে আছে।বেঙ্গল গ্যালারির দেয়ালে স্থান পাওয়া প্রদর্শনীর ছবিগুলো মূলত গয়্যার মৌলিক চারটি সিরিজ। ‘লস ক্যাপ্রিচোজ’,—প্রতীকাশ্রয়ী অদ্ভুত কল্পচিত্রের মাধ্যমে স্প্যানিশ সমাজের দোষত্রুটিকে চিত্রায়িত করেছে; ‘লস দেসাসট্রেস দ্য লা গের্রা’,—স্প্যানিশদের অযাচিত হিংস্রতাকে প্রদর্শন করেছে; ‘লা তাওরোমাকিয়া’,—অযৌক্তিক কাণ্ডজ্ঞানহীন সমাজের হতাশা থেকে মুক্তির নিমিত্তে একটি অভয়াশ্রমস্বরূপ এবং চতুর্থটি হলো ‘লস দিসপারেতেস’,—তাঁর পরাবাস্তব স্বপ্নের দলিল।গতকাল প্রদর্শনীর উদ্বোধনীতে বক্তারা বলেন, ছবিগুলো গয়্যার ব্যক্তিত্বের ভিন্নতর একটা দিককে উন্মোচিত করেছে, যা একই সঙ্গে জটিল ও স্বাধীন। প্রতিটি ছাপাই ছবি সৃজন-কুশলতায় ও করণ-কৌশলে নতুন মাত্রা সৃষ্টি করেছিল শিল্পের ভুবনে। এই বৈশিষ্ট্যই তাঁকে সর্বকালের শ্রেষ্ঠ ছাপাই শিল্পীদের মধ্যে অন্যতম করে তুলেছে। বাংলাদেশে তাঁর মৌলিক ছাপাই ছবির প্রদর্শনী বিশেষ তাৎপর্য বহন করে। তাঁর ছবির প্রদর্শনীর মধ্য দিয়ে এ দেশের শিল্পানুরাগীরা বিরল এক অভিজ্ঞতা অর্জন করবেন।প্রদর্শনী ২২ অক্টোবর প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।