শুরু হলো ছবিমেলা ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ-বিদেশের আলোকচিত্র নিয়ে গতকাল শুরু হলো ‘ছবিমেলা ৮’। শুক্রবার বিকেলে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় ছবিমেলা ৮ উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ বছর আলোকচিত্রী আনোয়ার হোসেনকে বাংলাদেশের আলোকচিত্র জগতে তাঁর অসামান্য অবদানের জন্য আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি এই পুরস্কার আনোয়ার হোসেনের হাতে তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী, লেন্স ব্লগের সম্পাদক ও নিউইয়র্ক টাইমস-এর সিনিয়র স্টাফ আলোকচিত্রী জেমস এস্ট্রিন এবং গিও ম্যাগাজিনের আলোকচিত্র পরিচালক রুথ ইখর্ন। উদ্বোধনী অনুষ্ঠানের আগে প্রেসক্লাব থেকে শিল্পকলা একাডেমী পর্যন্ত একটি শোভাযাত্রা বের হয়।

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ‘এটি কেবল শুরু, আমি নিশ্চিত যে কয়েক বছর পর যখন ছবিমেলা আরও সফল হবে, তখন আমরা এই দিনটাকে স্মরণ করব এবং এই ভেবে আনন্দিত হব যে আমরা এই অসাধারণ দিনটার সাক্ষী ছিলাম।’ বক্তব্যের শেষে রাষ্ট্রপতি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। দুই সপ্তাহব্যাপী এই উৎসবের আয়োজন করেছে দৃক ও পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উৎসব পরিচালক শহিদুল আলম। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর দৃকের ২৫ বছরের প্রশংসাসূচক অবদানের কথা উল্লেখ করেন এবং বাংলাদেশের আলোকচিত্রশিল্পকে বিস্তৃত করার ক্ষেত্রে পাঠশালার কথা উল্লেখ করেন।
উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন মিতা চৌধুরী। উদ্বোধনের পর বিশেষ অতিথিরা গ্যালারি ঘুরে দেখেন। ১১টি ভেন্যুজুড়ে এই উৎসবটি চলবে আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের ছবিমেলার বিষয় হচ্ছে ‘অন্তরঙ্গ’। ছয়টি গ্যালারি মিলিয়ে এবার থাকছে ৩২টি প্রিন্ট প্রদর্শনী এবং একটি ভিডিও প্রজেকশন। আলোকচিত্রগুলো প্রদর্শিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমী, দৃকের দুটি গ্যালারি, আলিয়ঁস ফ্রসেঁজ এবং নতুন হওয়া ডেইলি স্টার-বেঙ্গল আটর্স প্রিসিঙ্কট, জাতীয় জাদুঘর, বকুলতলা, বৃত্ত আর্টস ট্রাস্ট, বিউটি বোর্ডিং, নর্থ ব্রুক হল, বুলবুল ললিতকলা একাডেমিতে।