শুরু হলো ছোটদের বড় উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরে গতকাল অষ্টম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে শিশুরা সংগীত পরিবেশন করে l ছবি: প্রথম আলো
কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরে গতকাল অষ্টম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে শিশুরা সংগীত পরিবেশন করে l ছবি: প্রথম আলো

ঢাকির ঢাক থামিয়ে শেষবারের মতো উৎসবের উদ্বোধনী সংগীত রেওয়াজ করে নিতে প্রস্তুত হচ্ছিল খুদেদের নিয়ে গড়া গানের দলটি। একটু পরেই তাদের গাইতে হবে। উৎসব পরিচালক রায়ীদ মোরশেদ এসে বললেন, ‘অনেক প্র্যাকটিস হয়েছে। অতিথিরা সবাই চলে এসেছে। তাদের সামনে গাইবে!’
কিন্তু রায়ীদের কথাও শুনল না তারা। উৎসব ছোটদের, ভালো করে প্রস্তুত হয়ে গাইতে হবে না! তাই শেষবারের মতো রেওয়াজ হলো রবীন্দ্রনাথের গান ‘আলো আমার, আলো ওগো, আলোয় ভুবন-ভরা’। এ চিত্র চিলড্রেনস ফিল্ম সোসাইটি আয়োজিত অষ্টম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের প্রধান প্রাঙ্গণ শাহবাগের গণগ্রন্থাগারের। এ হলো ছোটদের বড় উৎসব।
জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন করে এবং পরে পায়রা ও বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, শিশুদের সৃজনশীলতা অনুশীলনের একটি বড় ক্ষেত্র হয়েছে এ উৎসব। বিশেষ অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, এখনকার শিশুদের দিন শুরু হয় সকাল সাতটায় স্কুলে গিয়ে। আর একটু বড় হলে তাদের ওপর চালানো হয় জিপিএ-ফাইভের নির্যাতন। এ অবস্থায় তাদের মেধাবিকাশ অসম্ভব। এ ধরনের উৎসব তাদের কিছুটা হলেও সৃজনশীলতা চর্চার সুযোগ করে দেয়।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চিলড্রেনস ফিল্ম সোসাইটির সভাপতি মুহম্মদ জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মুনিরা মোরশেদ, উৎসব উপদেষ্টা পরিষদের সভাপতি মুস্তাফা মনোয়ার এবং উৎসব পরিচালক রায়ীদ মোরশেদ।
গতকাল থেকে এ উৎসব শুরু হয়ে ৩০ জানুয়ারি পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে ৪৮টি দেশের ২০০ চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্রতিদিন বিকেল তিনটা, পাঁচটা ও সন্ধ্যা সাতটায় চলচ্চিত্র প্রদর্শিত হবে। পাবলিক লাইব্রেরি ছাড়াও উৎসব হচ্ছে ঢাকার জাতীয় জাদুঘর, শিল্পকলা একাডেমী, আঁলিয়স ফ্রঁসেজ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল; চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট, ফুলকি, পোর্ট কলোনি সবুজ সংঘ ক্লাব এবং সিলেটের শিল্পকলা একাডেমীতে।