শুরু হলো জাতীয় চারুকলা প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২২তম জাতীয় চারুকলা প্রদর্শনীর পুরস্কার প্রাপ্তদের সঙ্গে অতিথিরা l ছবি: প্রথম আলো
২২তম জাতীয় চারুকলা প্রদর্শনীর পুরস্কার প্রাপ্তদের সঙ্গে অতিথিরা l ছবি: প্রথম আলো

‘আমাদের দেশে চারুকলার মান সব সময় উন্নত। আমরা সেই মান ধরে রাখতে পেরেছি, আরও বিস্তৃত করছি।’ ২২তম জাতীয় চারুকলা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রদর্শনীর উদ্বোধন করে অর্থমন্ত্রী বলেন, ‘চিত্রকর্মকে সত্যিকারভাবে উপভোগ করতে হলে এক দিনে তা সম্ভব না। সময় নিয়ে আসতে হবে। আরেকটা বিষয়, আপনি এসব শিল্পকর্ম দেখতে দেখতে মোহিত হবেন, আপনার রুচির পরিবর্তন হবে, হবে রুচির বিকাশ। শিল্পকলার বিভিন্ন অনুষঙ্গ রুচির বিকাশে সহায়ক ভূমিকা রাখে। এই রুচির বিকাশ জাতীয় জীবনেও গুরুত্বপূর্ণ।’

গতকাল বিকেলে জাতীয় চিত্রশালা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সংস্কৃতিসচিব ইব্রাহীম হোসেন খান ও বরেণ্য শিল্পী সৈয়দ জাহাঙ্গীর। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক মো. মনিরুজ্জামান। বিচারকমণ্ডলীর পক্ষে বক্তব্য দেন শিল্পী সৈয়দ আবুল বারক আলভী। অনুষ্ঠানের অতিথিরা বিজয়ী শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন।

আসাদুজ্জামান নূর বলেন, ‘দেশে শিল্পী সংখ্যা যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমন শিল্প অনুরাগীদের সংখ্যাও বাড়ছে।’

সমুদ্রতীরে ছোট্ট শিশু আয়লান কুর্দির মরদেহ কাঁদিয়েছিল বিশ্ববিবেককে। সে শিশুকে উপজীব্য করে নিজের ভিডিও ইলাস্ট্রেশন সাজিয়ে এবারের আসরে সেরা পুরস্কার পেয়েছেন শিল্পী হারুন অর রশীদ। চিত্রকলা বিভাগে ‘নৃশংসতার সুর’ ছবির জন্য আনিসুজ্জামান সোহেল পান সম্মানসূচক পুরস্কার। ভাস্কর্য বিভাগে সম্মানসূচক পুরস্কার পান শ্যামল চন্দ্র সরকার। তাঁর শিল্পকর্মের নাম ‘অদম্য’। ছাপচিত্র বিভাগে ‘রিডিমিং স্পেস-১’ ছবির জন্য শিল্পী আনিসুজ্জামান, ‘ক্ষুধা ও পূর্ণিমার চাঁদ’ শিল্পকর্মের জন্য নিউ মিডিয়া বিভাগে উত্তম কুমার রায় শিল্পকলার সম্মান পুরস্কার পান। ‘শাশ্বত অস্তিত্ব-৩০’ শিল্পকর্মের জন্য বেঙ্গল ফাউন্ডেশন পুরস্কার পান সৌরভ চৌধুরী, ‘সময় ও বাস্তবতার জটিলতা’র জন্য ছাপচিত্র বিভাগে রুহুল আমিন তারেক পান এবি ব্যাংক পুরস্কার, ‘রেস্টোরেশন-২’ শিল্পকর্মের জন্য ভাষাসৈনিক গাজীউল হক পুরস্কার (ছাপচিত্র) পান কামরুজ্জামান। ‘ঐতিহ্য-২’ ছবির জন্য বেগম আজিজুন্নেছা পুরস্কার (চিত্রকলা) পান মো. কামালুদ্দিন, নিউ মিডিয়া বিভাগে শুভ ঘোষ পান দীপা হক পুরস্কার, তাঁর শিল্পকর্ম ‘মাতৃগর্ভ-২’।

২২তম জাতীয় চারুকলা প্রদর্শনীতে ৩৩২ জন শিল্পীর ৩৮৪টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। এ থেকে যাচাই-বাছাই করে ১০টি ক্যাটাগরিতে ১০ জন শিল্পীর ১০টি শিল্পকর্মকে পুরস্কারের জন্য নির্বাচিত করেছেন বিচারকেরা।

শিল্পকলা একাডেমি আয়োজিত তিন সপ্তাহব্যাপী এ প্রদর্শনী চলবে ১৪ আগস্ট পর্যন্ত।