
‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল’ সম্মিলিত কণ্ঠে এই গান যখন শুরু হয়, চারপাশ তখন নীরব। হঠাৎ নীরবতা ভেঙে দর্শকসারি থেকে কেউ কেউ গানের সঙ্গে কণ্ঠ মেলালেন। একটু আগে শহীদ স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে এক মিনিট নীরবতার পর সমবেত সবাই গাইলেন জাতীয় সংগীত।
‘সন্ত্রাস নাশকতা—রুখে দাঁড়াও বাংলাদেশ’ স্লোগান নিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে গতকাল মঙ্গলবার থেকে শুরু হয় তিন দিনের স্বাধীনতা উৎসব। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে শেষ হবে জোটের অনুষ্ঠান। একই সঙ্গে গতকাল রবীন্দ্রসরোবরে শুরু হয় জোটের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান।
শহীদ মিনারে আয়োজিত স্বাধীনতা উৎসবের উদ্বোধন করেন ১৯৭১ সালে ২৫ মার্চ কালরাতে রাজারবাগ পুলিশ লাইনসে যাঁরা প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিলেন, সেই পুলিশ মুক্তিযোদ্ধাদের ছয়জন সদস্য। এঁরা হলেন তৎকালীন ওয়্যারলেস অপারেটর মো. শাহজাহান মিয়া, নায়েক আবুল ফারুক, কনস্টেবল মো. কাঞ্চন আলী মিয়া, কনস্টেবল মো. জহুরুল হক জহির, কনস্টেবল মো. নুরুল ইসলাম ও কনস্টেবল মো. মুখসেদ আলী। জাতীয় সংগীতের পর ‘স্পন্দন’–এর শিল্পীরা দেশের গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে।
আলোচনা পর্বে বক্তব্য দেন নাট্যজন রামেন্দু মজুমদার, নাসির উদ্দীন ইউসুফ, পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা, গণসংগীতশিল্পী ফকির আলমগীর, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান প্রমুখ। স্বাগত বক্তব্য দেন জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ। স্বরচিত কবিতা পাঠ করেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদ। সঞ্চালনা করেন মানজার চৌধুরী। অনুষ্ঠানের সভাপতি ছিলেন জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।
পরে দলীয় সংগীত পরিবেশন করে আনন্দন, একক সংগীত পরিবেশন করেন ইন্দ্রমোহন রাজবংশী, সমর বড়ুয়া, ফাহিম হোসেন চৌধুরী। দলীয় আবৃত্তি পরিবেশন করে স্বরব্যঞ্জন, বৈকুণ্ঠ, শিশু সংগঠন আমরা কুঁড়ি; আবৃত্তি করেন সাবিরা মাহবুব, মুহম্মদ সিদ্দিকুর রহমান প্রমুখ। পথনাটক পরিবেশন করে আরণ্যক নাট্যদল ও চন্দ্রকলা থিয়েটার।