শুরু হলো তরুণ চোখে একাত্তর
শুরু হলো ‘তরুণ চোখে একাত্তর’ শীর্ষক মুক্তিযুদ্ধের ছবি নির্মাণ প্রতিযোগিতা ও উৎসবের ক্যাম্পাসভিত্তিক প্রচার কর্মসূচি। ৩১ ডিসেম্বর ২০১০ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসংলগ্ন স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। মুভিভ্যান ফিল্ম সার্কেল কর্তৃক আয়োজিত ‘তরুণ চোখে একাত্তর’ শীর্ষক ক্যাম্পাসভিত্তিক প্রচার কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি জাহিদুল হক এবং মুভিভ্যান ফিল্ম সার্কেলের প্রেসিডেন্ট আবীর শ্রেষ্ঠ।আলোচনা পর্ব শেষে মুক্তিযুদ্ধের গান গেয়ে শোনান তরুণ প্রজন্মের শিল্পী শারমিন রহমান চৈতী, এস এম হামিদ, দেবাশীষ ব্যাপারী ও পুনম মিত্র।অনুষ্ঠান থেকে জানানো হয়, ক্যাম্পাস ও বিভিন্ন আবাসিক হলগুলোয় এ কর্মসূচি পালন করা হবে। সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় এই প্রচার কর্মসূচি পরিচালনার মাধ্যমে তরুণদের মুক্তিযুদ্ধের গল্প লেখায় উদ্বুদ্ধ করার পাশাপাশি একাত্তর নিয়ে তরুণ প্রজন্মের ভাবনা ও মন্তব্য সংগ্রহ করা হবে। কর্মসূচি চলবে মার্চ মাস পর্যন্ত।