শুরু হলো নজরুল মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা একাডেমিতে আয়োজিত নজরুল মেলার উদ্বোধনী দিনে গতকাল শি​ল্পীদের সমবেত পরিবেশনা l ছবি: প্রথম আলো
বাংলা একাডেমিতে আয়োজিত নজরুল মেলার উদ্বোধনী দিনে গতকাল শি​ল্পীদের সমবেত পরিবেশনা l ছবি: প্রথম আলো

রাজধানীর বাংলা একাডেমিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী নজরুল মেলা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দর্শন ও চেতনা সমুন্নত রাখার প্রয়াসে বাংলাদেশ নজরুলসংগীত শিল্পী পরিষদ এ মেলার আয়োজন করেছে। সহযোগিতা করেছে ব্র্যাক ব্যাংক।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মেলার উদ্বোধন করেন শিল্পী ফেরদৌসী রহমান, কবি-নাতনি খিলখিল কাজী, অনিন্দিতা কাজী এবং ব্র্যাক ব্যাংকের প্রধান নির্বাহী সেলিম আর এফ হোসেন। সকালে পরিষদের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে দেশব্যাপী নজরুলচর্চা বেগবান করে তোলার আহ্বান জানানো হয়। এতে অংশ নেন ৬১ জেলার দুজন করে প্রতিনিধি।
সন্ধ্যায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে পরিষদের পক্ষ থেকে সম্মাননা জানানো হয় শিল্পী ফাতেমা তুজ জোহরা, সুজিত মোস্তফা ও নাশিদ কামালকে। এ পর্বে বিশেষ অতিথি ছিলেন ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম, শিল্পী মুস্তাফা জামান আব্বাসী, খালিদ হোসেন ও এম এ মান্নান। অনুষ্ঠানে শিল্পী আব্বাসউদ্দীনের গাওয়া গান নিয়ে সিডি ‘ভুলিতে পারিনি তাই’-এর মোড়ক উন্মোচন করা হয়। নজরুলের গান গেয়ে শোনান খিলখিল কাজী, অনিন্দিতা কাজী, শাহীন সামাদ, মুস্তাফা জামান আব্বাসী, ফেরদৌস আরা, ইয়াকুব আলী খান, মুরশীদ জাহান, সালাউদ্দিন আহমেদ, নাশিদ কামাল এবং আরমিন মুসার গানের দল। লুবনা মারিয়াম ও তাঁর দল পরিবেশন করে নৃত্যনাট্য বাদল বরিষনে।
আজ শুক্রবার দ্বিতীয় দিন সকাল পৌনে ১০টায় মেলা শুরু হবে। সকালে থাকবে শিশুশিল্পী ও বিভিন্ন জেলা পর্যায়ের শিল্পীদের পরিবেশনা। বিকেলে ঢাকা ও অন্যান্য জেলার শিল্পীদের পরিবেশনা দিয়ে শুরু হবে দ্বিতীয় অধিবেশন। আয়োজনটি উৎসর্গ করা হয়েছে কিংবদন্তি শিল্পী আব্বাসউদ্দীন আহমদ, ফিরোজা বেগম ও সোহরাব হোসেনকে।