
গতকাল বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হলো ‘জাতীয় পথনাট্যোৎসব ২০১৭’। ‘মূল্যবোধের অবক্ষয় রুখব, মানবিক সমাজ গড়ব’ স্লোগান নিয়ে উৎসবের উদ্বোধন করেন চিত্রশিল্পী রফিকুননবী। শহীদ মিনার চত্বরে রনবীর বিখ্যাত টোকাই কার্টুন এঁকে এবং বেলুন উড়িয়ে উদ্বোধন হয় আট দিনব্যাপী এই উৎসবের।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের সাম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান, সভাপতিমণ্ডলীর সদস্য ঝুনা চৌধুরী।
অনুষ্ঠানে ভাষাশহীদদের শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারের বেদিতে ফুল দেওয়া হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সেখানে গান, আবৃত্তি ও নাচ পরিবেশিত হয় এবং নাটক পরিবেশন করে নাট্যধারা। আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ উৎসব।