শুরু হলো প্রাণবন্ত নৃত্যনাট্য উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় নাট্যশালায় নৃত্যনাট্য উৎ​সবের উদ্বোধনী দিনে মঞ্চস্থ ‘হাজার তারের বীণা’ নৃত্যনাট্যের একটি মুহূর্ত l ছবি: প্রথম আলো
জাতীয় নাট্যশালায় নৃত্যনাট্য উৎ​সবের উদ্বোধনী দিনে মঞ্চস্থ ‘হাজার তারের বীণা’ নৃত্যনাট্যের একটি মুহূর্ত l ছবি: প্রথম আলো

অনুষ্ঠানসূচিতে পর্বটি ছিল না, কিন্তু ‘আমার মুক্তি আলোয় আলোয়’ গানের সঙ্গে জাতীয় নাট্যশালার করিডরে নাচছিলেন জ্যেষ্ঠ নৃত্য শিল্পীরা। কিছুক্ষণ পর ভেতরে আনুষ্ঠানিক উদ্বোধন। তার আগে বাইরে জ্যেষ্ঠ শিল্পীদের এই প্রাণবন্ত পরিবেশনা দেখে মন ভরে গেল।
গতকাল মঙ্গলবার শুরু হয়েছে প্রথম জাতীয় নৃত্যনাট্যে উৎসব। দিনটি ছিল নৃত্যানুরাগীদের পদভারে প্রাণচঞ্চল। ফুল আর নানা অনুষঙ্গ দিয়ে দারুণ সাজানো হয়েছে জাতীয় নাট্যশালা। শুরুতে মঞ্চে আনুষ্ঠানিক ঘোষণার আগে হাজার তারের বীণা নৃত্যনাট্য পরিবেশন করে বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস (বাফা)।
উদ্বোধনী দিনে মঞ্চস্থ হয় দুটি নৃত্যনাট্য। ছিল নৃত্যগুরুদের আলাপচারিতা পর্ব। এ দিন হাজার তারের বীণা নৃত্যনাট্য পরিবেশন করে বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস। শহীদ আলতাফ মাহমুদ সুরারোপিত এই নৃত্যনাট্য লিখেছেন এনামুল হক। নৃত্য পরিচালনায় ছিলেন বেগম রাহিজা খানম। হাজার তারের বীণা বাংলার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনভিত্তিক ঘটনার প্রতীকী উপস্থাপনা। এরপর মৈমনসিংহ গীতিকা অবলম্বনে রচিত মহুয়া পরিবেশন করে ময়মনসিংহ নৃত্যশিল্পী সংস্থা। নৃত্য পরিচালনা করেন মাকসুদুল আলম।
প্রতিটি পরিবেশনার পরে উপস্থিত দর্শক এবং অতিথিদের সঙ্গে পরিচালকেরা মতবিনিময় করেন।
উৎসব উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি সচিব রণজিৎ কুমার বিশ্বাস। স্বাগত বক্তব্য দেন নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মীনু হক।
উৎসবের বাকি চার দিন তিনটি করে নৃত্যনাট্য মঞ্চস্থ হবে।