শুরু হলো ফ্র্যাঙ্কোফোনিক উৎসব
পৃথিবীতে প্রায় ২২ কোটি মানুষ নিজের মনের ভাব প্রকাশ করে ফরাসি ভাষায়। সংখ্যার দিক থেকে এ ভাষা আছে নবম স্থানে। ফরাসি ভাষা আর সংস্কৃতিকে পৃথিবীতে ছড়িয়ে দিতে ১৯৭০ সালে গঠন করা হয় ‘ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব ফ্র্যাঙ্কোফোনিক’। এরপর থেকে প্রতিবছর বিশ্বের ৫৬টি দেশে পালন করা হয়ে থাকে ‘ফ্র্যাঙ্কোফোনিক সপ্তাহ’। গতকাল সোমবার ঢাকায় শুরু হয়েছে এ উৎসব। এবার ঢাকার ফরাসি দূতাবাসের সঙ্গে কানাডা, মিসর, মরক্কো, সুইজারল্যান্ড আর ভিয়েতনামের দূতাবাসও যৌথভাবে ফ্র্যাঙ্কোফোনিক সপ্তায় অংশ নিচ্ছে।আনুষ্ঠানিক উদ্বোধন ছাড়াই শুরু হয়েছে উৎসব। এতে বিভিন্ন দেশের ফরাসি ভাষার চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। ফ্রান্স, কানাডা, মিসর, মরক্কো, সুইজারল্যান্ড আর ভিয়েতনামের ১০টি ছবি প্রদর্শিত হবে। চলচ্চিত্রগুলো প্রদর্শিত হচ্ছে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ এবং গুলশানের রেড শিফ ক্যাফেতে। এ ছাড়া গতকাল থেকে শুরু হয়েছে ‘আমাকে ১০টি শব্দ বল’ শীর্ষক পোস্টার প্রদর্শনী। মূলত ফরাসি ভাষা এবং সংস্কৃতি নানাভাবে উঠে এসেছে এই প্রদর্শনীতে। চলচিত্র ও পোস্টার প্রদর্শনী চলবে ১৯ মার্চ পর্যন্ত। এ ছাড়া আজ মঙ্গলবার সন্ধ্যায় আলিয়ঁস ফ্রঁসেজে থাকছে বাংলাদেশি ব্যান্ড ‘লালন’-এর একক কনসার্ট।শিশু একাডেমীতে আজ থেকে বইমেলাপ্রথমবারের মতো বাংলাদেশ শিশু একাডেমী ছোটদের জন্য প্রকাশিত বই নিয়ে বইমেলার আয়োজন করেছে। আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এ মেলা। চলবে ২৬ মার্চ পর্যন্ত।গতকাল সোমবার শিশু একাডেমীতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান একাডেমীর পরিচালক ফাল্গুনী হামিদ। তিনি জানান, মেলায় অংশগ্রহণ করছে ৬০টি প্রকাশনা প্রতিষ্ঠান। ‘দিনবদলে শরিক হই/গড়তে দেশ পড়ব বই’ স্লোগানকে প্রতিপাদ্য করে আয়োজিত এ মেলায় শিশুদের উপযোগী সৃজনশীল গ্রন্থ ও মুক্তিযুদ্ধবিষয়ক গ্রন্থকে প্রাধান্য দেওয়া হচ্ছে। মেলা উপলক্ষে প্রতিদিন মুক্তমঞ্চে একটি নির্দিষ্ট বিষয়ের ওপর আলোচনা ও শিশুদের অংশগ্রহণে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়া বিভিন্ন সময় আয়োজন করা হবে শিশুদের চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা। মেলা মঞ্চে দেখানো হবে মুক্তিযুদ্ধভিত্তিক শিশুতোষ চলচ্চিত্র। মুর্শিদা আরজুর স্থাপনা ও চিত্রকর্ম প্রদর্শনীঢাকা আর্ট সেন্টার গ্যালারিতে চলছে জার্মান প্রবাসী শিল্পী মুর্শিদা আরজুর স্থাপনা ও চিত্রকর্ম প্রদর্শনী ‘কনটেম প্লেইশন’। প্রায় ১৮ বছর ধরে প্রবাসে আধুনিক চিত্রকলার চর্চা ও বিকাশে আত্মমগ্ন বাংলাদেশি শিল্পী মুর্শিদা আরজু তাঁর প্রবাসজীবনের অভিজ্ঞতা তুলে ধরেছেন শিল্পকর্মগুলোতে। শিল্প সমালোচকেরা তাঁর কাজের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, শিল্পকর্মগুলো শিল্পীর আত্মজীবনীমূলক বৃত্তান্ত। আগামীকাল মঙ্গলবার প্রদর্শনীর শেষ দিন। প্রদর্শনী চলবে প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত। শেষ দিন সন্ধ্যা সাতটায় থাকছে শিল্পীর স্বরচিত কবিতা আবৃত্তি ও গানের অনুষ্ঠান।খুলনায় নাট্য কর্মশালানিজস্ব প্রতিবেদক খুলনা জানান, বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের উদ্যোগে গতকাল সোমবার ‘থিয়েটার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট’ শীর্ষক সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। কমনওয়েলথ অব লার্নিংয়ের সহযোগিতায় খুলনা মহানগরের ফারাজীপাড়া লেনের রূপান্তর প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহ। কর্মশালায় খুলনা, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম, রংপুর ও ঢাকা বিভাগের কমিউনিটি রেডিও স্টেশনের প্রাথমিক অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানের কর্মী ও থিয়েটারকর্মীরা অংশ নেন। কমিউনিটি রেডিওর কর্মকাণ্ডে জনগোষ্ঠীকে অংশগ্রহণে উদ্বুদ্ধ করার মাধ্যমে থিয়েটারকর্মীরা কী ধরনের ভূমিকা পালন করতে পারবেন কর্মশালায় সেসবের প্রশিক্ষণ দেওয়া হয়। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।