
আয়োজন সামান্যই। দুটি নাটক নিয়ে চার দিনের উৎসব। কিন্তু এই আয়োজনে যে নিখাদ ভালোবাসা আর যত্নের ছাপ আছে, তা দেখা গেল গতকাল সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে গিয়ে। মিলনায়তনে প্রবেশের বেশ খানিকটা আগেই দুই পাশে জাল দিয়ে নান্দনিক পথ তৈরি করে দেওয়া হয়েছে। দুই পাশে নানা রকমের আলোর উপস্থিতি। আলোর সূত্র ধরে এগিয়ে গিয়ে মিলল একজন মানুষের প্রতিকৃতি। তার সামনে প্রদীপ জ্বলছে, ফুলের পাপড়ি ছিটানো। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের একজন তরুণ প্রয়াত কর্মীর প্রতি এমন শ্রদ্ধা প্রদর্শন মুগ্ধ করল দর্শকদের।
নাটকের দল বটতলা ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী নাট্য উৎসবের আয়োজন করেছে। ‘গহনে প্রবিষ্ট মূল, পল্লবিত আসমানে-গাই গান মানবের’ স্লোগান নিয়ে গতকাল শুরু হয় চার দিনের উৎসব। বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে এই উৎসবের উদ্বোধন করেন নাট্যজন সারা যাকের। শুরুতে সংগীতব্যক্তিত্ব ফিরোজা বেগমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক মেজবাহ কামাল। উদ্বোধনী অনুষ্ঠানে নির্ধারিত সময়ের বেশ খানিকটা পরে আসায় দুঃখ প্রকাশ করেন সারা যাকের। যানজটের কারণেই তাঁর এ বিলম্ব—জানালেন তিনি। বললেন, ‘এ শহরে এত কিছুরই পরেও যে আমরা নাটক করছি, সেটা প্রমাণ করার জন্য বা সেটাকে জিইয়ে রাখার জন্য এ ধরনের উৎসব খুব প্রয়োজন। সব বাধা পেরিয়ে আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব।’ নির্ধারিত সময়ের আধঘণ্টারও বেশি সময় পরে শুরু হওয়া অনুষ্ঠানে দলের প্রয়াত কর্মী নাসিরুদ্দিন নাদিম স্মৃতি বটতলা নাট্যকর্মী পুরস্কার দেওয়া হয় দলেরই আরেক সদস্য ইমরান খানকে। মঞ্চে জানানো হয়, ইমরান দলের সঙ্গে সেট, লাইট ও অভিনয়দক্ষতার স্বাক্ষর রেখেছেন। উৎসব উপলক্ষে মিলনায়তনের বাইরে যে অপূর্ব সাজসজ্জা, তার কৃতিত্ব ইমরানেরই। খুলনার দৌলতপুরের একটি গ্রামে ১৯৭৬ সালে তাঁর জন্ম।
উদ্বোধনের সংক্ষিপ্ত আলোচনা আর স্মৃতি পুরস্কার দেওয়ার পরই শুরু হয় নাটক খনার প্রদর্শনী। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সামিনা লুৎফা নিত্রা, মোহাম্মদ আলী হায়দার, ইমরান খান, চন্দন পাল, তৌফিক হাসান প্রমুখ।
১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় রয়েছে একই নাটকের প্রদর্শনী। আগামীকাল শুক্রবার ও পরদিন শনিবার একই সময়ে রয়েছে দ্য ট্রায়াল অব মাল্লাম ইলিয়া প্রদর্শনী।
উদীচীর ‘ম্যাডোনা-৪৩’
শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মশতবার্ষিকীতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী নির্মাণ করেছে প্রামাণ্যচিত্র ম্যাডোনা-৪৩। ১৯৪৩ সালের ভয়াল দুর্ভিক্ষের পরিপ্রেক্ষিতে জয়নুল আবেদিনের আঁকা কিছু চিত্রকর্ম এবং তাঁর ইতিহাস নিয়ে নির্মিত হয়েছে এ প্রামাণ্যচিত্র। উদীচীর কেন্দ্রীয় চলচ্চিত্র ও চারুকলা বিভাগের উদ্যোগে নির্মিত প্রামাণ্যচিত্রটির ব্যাপ্তি ৩০ মিনিট। জয়নুলের জীবনী নয়, তাঁর চিত্রকর্মই এ প্রামাণ্যচিত্রের মূল প্রতিপাদ্য—জানিয়েছেন ম্যাডোনা-৪৩-এর গ্রন্থনা ও পরিকল্পনাকারী প্রদীপ ঘোষ।
প্রামাণ্যচিত্রটিতে শিল্পাচার্য জয়নুল আবেদিনের সহধর্মিণী জাহানারা আবেদিন, শিল্পী মিজানুর রহমান, জয়নুল আবেদিনের ছাত্র শিল্পী রফিকুন নবী, অধ্যাপক মতলুব আলী, উদীচীর কেন্দ্রীয় সভাপতি কামাল লোহানীসহ বিশিষ্টজনেরা জয়নুল আবেদিনের শিল্পকর্মের মানবিক দিকগুলো নিয়ে আলোচনা করেন। এ ছাড়া নানা ধরনের স্থিরচিত্র ও ভিডিওচিত্রের মাধ্যমে চল্লিশের দশকে জয়নুল আবেদিনের জীবনের নানা গুরুত্বপূর্ণ অধ্যায় ফুটিয়ে তোলা হয়েছে।
শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামীকাল শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে উদীচী আয়োজন করতে যাচ্ছে ‘জয়নুল জন্মশতবর্ষ অনুষ্ঠানমালা’। কাল বিকেল চারটায় অনুষ্ঠান শুরু হবে শিল্পাচার্যের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শত শিল্পীর চিত্রাঙ্কনের মধ্য দিয়ে। সবশেষে প্রামাণ্যচিত্র ম্যাডোনা-৪৩ প্রদর্শিত হবে।
চিত্রপ্রদর্শনী
এলিফ্যান্ট রোডের সাহেরা ট্রপিক্যাল সেন্টারে মনোভূমি আর্টস্পেসে চলছে ‘কলমকারি’ শীর্ষক ১৫ দিনব্যাপী চিত্রপ্রদর্শনী। চার শিল্পী তরুণ ঘোষ, মাসুদুর রহমান, ইশরাত জাহান ও আদিত্য সুন্দর রায়ের কাজ নিয়ে আয়োজিত এই যৌথ প্রদর্শনী গত ২৯ আগস্ট উদ্বোধন করা হয়। ১২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রদর্শনী।